‘পুশ ইন’ চেষ্টার শিকার ১২ জনের রাত কাটল কুষ্টিয়ার শূন্যরেখার কাছে
· Prothom Alo

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখার কাছে খেতের আলে রাত কাটল পুশ ইনের চেষ্টার শিকার ১২ নারী-শিশু ও পুরুষের। ২৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের বিষয়ে কোনো সুরাহা হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কয়েক দফায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাতে সাড়া দেয়নি।
এ বিষয়ে আজ শনিবার সকাল আটটার দিকে বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, শূন্যরেখার ভারতীয় ৫০ গজের মধ্যে ওই ১২ জন পাটখেতের আলে এখনো বসে আছেন। সেখানেই তাঁদের রাত কেটেছে। আজ পতাকা বৈঠকের সময় নির্ধারণ করা আছে। দেখা যাক কী হয়। গতকাল শুক্রবারও দুবার পতাকা বৈঠকের সময় নির্ধারিত ছিল। তবে তাতে কোনো সাড়া দেয়নি বিএসএফ।
Visit asg-reflektory.pl for more information.
বিজিবি বলছে, সীমান্তে সতর্ক অবস্থানে আছেন তাদের সদস্যরা। সেখানে বাংলাদেশ প্রান্তে মাথাভাঙ্গা নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারাও পুশ ইন ঠেকাতে সহযোগিতা করছেন।
গতকাল ভোর পাঁচটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করে বিএসএফ। তবে সে চেষ্টা প্রতিহত করেন বিজিবি ও স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা নীল চাঁদ প্রথম আলোকে বলেন, দুই দেশের সীমান্ত পিলার ১৪৮/৩ এস। এই পিলার থেকে ভারতীয় ৫০ গজের মধ্যে একটি পাটখেতের আলে শিমুলগাছের তলায় বসে আছেন ১২ জন। রোদে পুড়ে তাঁরা ক্লান্ত। নারীরা কাঁদছেন, শিশুরা প্রচণ্ড ক্ষুধার্ত। এর মধ্যে ১০ মাস থেকে ৪ বছরের শিশু আছে। এক নারী অন্তঃসত্ত্বা। তিনি কৌশলে কিছু বিস্কুট, পাউরুটি, দুধ, কলা ও পানি তাঁদের কাছে দিয়ে এসেছেন। রাতেও খাবারের ব্যবস্থা করেছেন।