কলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা

· Prothom Alo

হেমন্তের শেষ বিকেল। রোদের তেজ নেই, নাতিশীতোষ্ণ আবহাওয়া। ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন কমলা আর মাল্টা। কেউ নিজ হাতে গাছ থেকে ফল ছিঁড়ছেন, কেউ ঘুরে ঘুরে বাগান দেখছেন। বেরোনোর সময় সবার হাতেই ফল।

গত শুক্রবার দুপুরে যশোর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মনিরামপুর উপজেলার প্রত্যন্ত জামজামি গ্রামে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। বাগানের প্রবেশমুখে দাঁড়িয়ে আছে প্রায় ২০টি মোটরসাইকেল, দু-একটি প্রাইভেট কার আর বেশ কিছু ইজিবাইক। দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন বাগান দেখতে এবং গাছ থেকে পেড়ে কমলা-মাল্টার স্বাদ নিতে।

Visit grenadier.co.za for more information.

বাগানে ঘুরতে এসেছিলেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাগানে নিজ হাতে ফল তুলে খেয়েছি, পরিবারের জন্যও কিনেছি। দারুণ পরিবেশ, ফলগুলো মিষ্টি।’

বাগান দেখতে দর্শনার্থীদের ভিড়। গত শুক্রবার বিকেলে মনিরামপুরের জামজামি গ্রামে

বাগানের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান (৬৯) ও তাঁর ছেলে মুশফিকুর রহমান (২৫)। যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর। মাত্র ৭০ হাজার টাকা বিনিয়োগ করে দুই বিঘা জমিতে গড়ে তুলেছেন কমলা-মাল্টার বাগান।

—মুশফিকুর রহমান, উদ্যোক্তালেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা নেই। বাগানের পরিসর বাড়িয়ে এটিকে বড় প্রকল্পে রূপ দিতে চাই। প্রতিবছর বিদেশ থেকে যে পরিমাণ মাল্টা ও কমলা আমদানি হয়, সেটা যাতে আর না করতে হয়, সেটাই আমার লক্ষ্য। এতে দেশের টাকা দেশে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, আর বিষমুক্ত ফল খাওয়ানো সম্ভব হবে।

গত বৃহস্পতিবার থেকে এই বাগানে চলতি মৌসুমের প্রথম ফল বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ২৫ হাজার টাকার ফল। প্রতিদিন বিকেলে অনেক মানুষ আসছেন বাগানে। খুচরা প্রতি কেজি কমলা ২২০ টাকা, মাল্টা ১৫০ টাকা। মুশফিকুরের বাবা আতিয়ার জানান, বাগান থেকেই সব ফল বিক্রি হয়ে যায়, পাইকারি বিক্রির জন্য হাটে নিতে হয় না।

ইউটিউবে ভিডিও দেখে আগ্রহ

করোনার সময় ইউটিউবে বিদেশি ফলের চাষ দেখে উদ্বুদ্ধ হন বাবা-ছেলে। তাঁরা সিদ্ধান্ত নেন, চায়না কমলা ও মাল্টার চাষ করবেন। এরপর ভালো চারার খোঁজে ঘুরতে থাকেন বিভিন্ন বাগানে। শেষে চুয়াডাঙ্গার একটি বাগান থেকে তাঁরা ২৫০টি চায়না কমলা ও মাল্টার চারা কিনে ২০২২ সালের মাঝামাঝি সময়ে নিজেদের দুই বিঘা জমিতে রোপণ করেন।

মুশফিকুর জানান, চারাগুলো কিনতে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। জমি প্রস্তুত ও পরিচর্যায় লেগেছে আরও প্রায় ২০ হাজার টাকা। সব মিলিয়ে প্রথমে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এখন প্রতিবছর পরিচর্যায় কিছু টাকা খরচ হয়।

কমলা বাগানের পরিচর্যা করছেন মুশফিকুরের বাবা আতিয়ার রহমান। গত শুক্রবার বিকেলে মনিরামপুরের জামজামি গ্রামে

বছর বছর বাড়ছে আয়

২০২৩ সালের শেষ দিকে গাছে প্রথম ফল আসে। প্রথমবার ফল বিক্রি না করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের দিয়েছেন তাঁরা। ২০২৪ সালে বিক্রি করেছেন দেড় লাখ টাকার বেশি ফল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় তিন লাখ টাকায়। এবার সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন মুশফিকুর। তাঁর হিসাবে, খরচ বাদে এবার চার লাখ টাকার মতো লাভ হবে।

সাধারণত ডিসেম্বরে কমলা ও মাল্টা তোলার উপযোগী হয় বলে জানান মুশফিকুর। ফলের পাশাপাশি সারা বছর চারা তৈরি করেও বিক্রি করেন তাঁরা। প্রতিটি চারার দাম ১৫০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।

বিষমুক্ত ফলের স্বপ্ন

পড়াশোনা শেষে চাকরির পথে হাঁটতে চান না মুশফিকুর। বললেন, ‘লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা নেই। বাগানের পরিসর বাড়িয়ে এটিকে বড় প্রকল্পে রূপ দিতে চাই। প্রতিবছর বিদেশ থেকে যে পরিমাণ মাল্টা ও কমলা আমদানি হয়, সেটা যাতে আর না করতে হয়, সেটাই আমার লক্ষ্য। এতে দেশের টাকা দেশে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, আর বিষমুক্ত ফল খাওয়ানো সম্ভব হবে।’

ফল তোলার তিন মাস আগে থেকে কীটনাশক ছিটানো বন্ধ রাখা হয় জানিয়ে এই উদ্যোক্তা বলেন, সে সময় ফেরোমন ফাঁদ (পরিবেশবান্ধব পোকা দমন পদ্ধতি) ব্যবহার করে পোকা দমন করা হয়। বাগানে বাবা আতিয়ার ও ছেলে মুশফিকুরসহ মোট পাঁচজন কাজ করেন। তাঁদের মধ্যে তিনজন শ্রমিক দিনে ৫০০ থেকে ৬০০ টাকা করে মজুরি পান।

বাগানের এক পাশে চলছে পাঠচক্র। গত শুক্রবার বিকেলে মনিরামপুরের জামজামি গ্রামে

মুশফিকুর জানান, নিচু জমিতে এসব ফল চাষ করা যায় না। অতিবৃষ্টিতেও ফল পচে যায়। মার্চে গাছে ফুল আসে, এপ্রিলে ফল ধরে, আর পাকা শুরু হয় ডিসেম্বরের শুরুর দিকে। এবার আবহাওয়ার প্রভাবে এক মাস আগেই ফল পাকতে শুরু করেছে।

কৃষি বিপণন অধিদপ্তর যশোর জেলার জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কিশোর কুমার সাহা প্রথম আলোকে বলেন, যশোর ও আশপাশের জেলায় এখন কমলা, মাল্টা, আঙুর ও ড্রাগনসহ অনেক বিদেশি ফলের চাষ হচ্ছে। এতে ফল আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হচ্ছে। এ জন্য উদ্যোক্তাদের বাজারজাতকরণ, হিসাব ও উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Read full story at source