ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বসব না: নাসীরুদ্দীন
· Prothom Alo

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের ডাকে সাড়া দেওয়ার আগে ঐক্যের ভিত্তি জানতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষায়, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে। তবে ঐক্যের ডাক দিয়েও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বিএনপির সঙ্গে আর বসতে রাজি নন তাঁরা।
Visit goldparty.lat for more information.
আজ শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়সহ আট দফা দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে প্রতিবাদ সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন, কিসের ভিত্তিতে ঐক্য তা জানি না আমরা। তবে ঐক্য হতে পারে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন, এই ঐক্যের ডাকের পরে আর যদি কোনো চাঁদাবাজি চলে, আমরা চাঁদাবাজদের সঙ্গে ভবিষ্যতে বসতে রাজি নই।’
সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুরের নেতাদের উদ্দেশ করেও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘দেখে যান, এখানে আমরা আছি, আপনারা নেই। যেখানেই তাঁদের পাওয়া যাবে, সেখানেই বিচারের আওতায় আনতে হবে।’
বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর মন্ত্রীদের মুখ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে, ভারতও শান্তিতে থাকতে পারবে না।’
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি অনুরোধ জানান। ভারতের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে দিল্লি সরকারকে আগে হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
এর আগে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে আট দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে এনসিপির নেতা–কর্মীরা অংশ নেন।