ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০
· Prothom Alo

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম নগরের এক নেতা ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লিখে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে নগরের ব্যস্ত সড়কে জড়ো হন সংগঠনটির নেতা–কর্মীরা। তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
Visit extonnews.click for more information.
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া ইসতেকবার হোসাইন আজ বেলা ১টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ঘোষণা দিয়ে পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে বীর চট্টলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল হবে, পারলে ঠেকাইস।’
ওই পোস্ট দেওয়ার ২০ মিনিট পর অর্থাৎ বেলা দুইটার দিকে জুমার নামাজের পর সিনেমা প্যালেস এলাকায় ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়ো হন। একপর্যায়ে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয়। একই সঙ্গে যুবদলের কিছু নেতা–কর্মীও সেখানে জড়ো হওয়া ছাত্রলীগের নেতা–কর্মীদের ধাওয়া করেন। পরে আশপাশের বিভিন্ন গলি ও এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ছাত্রলীগের নেতা–কর্মী। মিছিলের ঘোষণা দেওয়া ইসতেকবার হোসাইন পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ছবিও পোস্ট করেন।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, জুমার নামাজের পর নাশকতার আশঙ্কায় পুলিশ আগে থেকেই বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোতোয়ালি থানার শাহ আমানত (রা.) মাজার থেকে ককটেলসদৃশ বস্তুসহ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নগরের চান্দগাঁও থানা ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মাইন ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম। পুলিশের ভাষ্য, নাশকতার উদ্দেশ্যে তাঁরা ককটেলসদৃশ বস্তু নিয়ে মাজারের ভেতরে অবস্থান করছিলেন। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।