চীনা ভ্লগারদের ভিডিওতে আলোচিত টেকপাড়া, উত্তরা বদলালেও বদলায়নি যে জনপদ

· Prothom Alo

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের পশ্চিম প্রান্তে একটি খাল। খালের এক পাড়ে পরিকল্পিত আবাসিক এলাকা, প্রশস্ত সড়ক আর সারি সারি বহুতল ভবন। অন্য পাড়ে সরু গলি, টিনের ঘর আর ঘনবসতিপূর্ণ জনপদ। দুই পাড়ের দৃশ্য যেন দুই ভিন্ন জগৎ। স্থানীয়ভাবে এই জনপদের নাম টেকপাড়া।

Visit saltysenoritaaz.com for more information.

সম্প্রতি চীনা নাগরিকদের ধারণ করা লাইভ ভিডিওর কারণে আলোচনায় এসেছে টেকপাড়া। মাসের পর মাস তাঁরা এই জনপদের অলিগলিতে ঘুরে ভিডিও করেছেন। কখনো চায়ের দোকানে, কখনো রাস্তার পাশে, এমনকি মানুষের বাড়িঘরেও ঢুকে ভিডিও ধারণ করেছেন। এসব ভিডিওতে টেকপাড়াকে কখনো ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবেও উপস্থাপন করা হয়েছে। সব ভিডিওতে প্রচারিত তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ১০ নভেম্বর প্রতিক্রিয়া জানিয়ে চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সোয়াল বলেন, ‘এভাবে এক দেশে থেকে অন্য কোনো দেশের বদনাম করা দুই দেশের জন্যই দুর্ভাগ্যজনক। মিথ্যা আখ্যান বা ন্যারেটিভ তৈরি ও প্রচারের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বোঝা উচিত, এতে তাঁদের নিজেদের দেশের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়।’

আমির হোসেন, টেকপাড়ার বাসিন্দাআশপাশের এলাকার তুলনায় আমাদের জায়গাটি উঁচু ছিল। এ কারণে অনেকে একে ‘ট্যাক’ বলে ডাকতেন। পরে জায়গাটির নাম হয়ে যায় টেকপাড়া। ছোটবেলায় এই এলাকায় ধান ও পাটের খেত ছিল। পরে বিভিন্ন কোম্পানি জমি কিনে ভবন নির্মাণ শুরু করে।

চীনা নাগরিকদের ভিডিওর কারণে টেকপাড়া আলোচনায় এলেও জনপদটির নিজস্ব একটি ইতিহাস রয়েছে। একসময় কৃষিজমি ও জলাভূমিতে ঘেরা এই এলাকায় কীভাবে গড়ে উঠল ঘনবসতি? উত্তরা পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠার পরও কেন নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে রইল টেকপাড়া? কারা থাকেন এখানে, কীভাবে চলে তাঁদের জীবন?

উত্তরা আর টেকপাড়ারা দূরত্ব শুধু মাঝের এই নোংরা খাল। এক সময় এই খালে চলত নৌযান। ২২ নভেম্বর

ভিডিওতে টেকপাড়া, বর্ণনায় নয়াদিল্লি

কয়েক মাস ধরে উত্তরার টেকপাড়া ও আশপাশের এলাকায় ঘুরে ভিডিও ধারণ করছেন চীনা নাগরিকদের কয়েকটি দল। তাঁদের কেউ কেউ এসব ভিডিওতে টেকপাড়াকে ভারতের রাজধানী নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। এলাকার পরিবেশ, মানুষের জীবনযাপন ও খাবার নিয়েও অবমাননাকর মন্তব্য করছেন।

ছোট একটি খালের পাশে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ জনপদটি। অধিকাংশ বাড়িঘর টিনের বেড়া ও টিনের চালের। কিছু বাড়ি আধাপাকা। ভেতরের রাস্তাগুলো সরু ও কাঁচা। কোথাও কোথাও স্যাঁতসেঁতে পরিবেশ। বাড়িঘরের আশপাশে ময়লা-আবর্জনা পড়ে আছে। পর্যাপ্ত পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থাও চোখে পড়ে না। সামনের খালের পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ।

অবশ্য সব চীনা নাগরিকের ভিডিওতে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক মন্তব্য ছিল না। কাউকে কাউকে দেশটি সম্পর্কে ইতিবাচক কথাও বলতে শোনা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিডিও ধারণের সময় অনেক ক্ষেত্রে তাঁদের বাড়িঘরেও অনুমতি ছাড়াই ঢুকে পড়ছেন এসব ভ্লগার। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে বিরক্তি ও ক্ষোভ তৈরি হয়।

গত ৬ নভেম্বর প্রথম আলোর অনলাইনে ‘সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর ৭ নভেম্বর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় তাঁদের আর লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে উত্তরার বিভিন্ন এলাকায় চীনা নাগরিকদের আনাগোনা চোখে পড়ছে না।

অন্যদিকে থানা-পুলিশ বলছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে। এর পর থেকে চীনা নাগরিকদের এসব কর্মকাণ্ড কমে এসেছে।

টেকপাড়ায় বসবাসকারী মানুষের চলাচলের রাস্তা। ২২ নভেম্বর

উঁচু জমি থেকে টেকপাড়া

টেকপাড়া মূলত উত্তরার শেষ সীমানায়, তুরাগ থানা এলাকায় অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ সালের আগেও এলাকাটি ছিল বিস্তীর্ণ কৃষিজমি। ধান, পাটসহ বিভিন্ন ফসলের চাষ হতো সেখানে। আশপাশের নিচু জমির তুলনায় বর্তমান টেকপাড়ার একটি অংশ ছিল কিছুটা উঁচু। স্থানীয় মানুষের কাছে সেই উঁচু জায়গা পরিচিত ছিল ‘টেক’ নামে। সেখান থেকেই ধীরে ধীরে এলাকাটির নাম হয় ফুলবাড়িয়া টেকপাড়া।

এস এম শফিকুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ (অতিরিক্ত দায়িত্ব), ডিএনসিসিউত্তরার বর্ধিত বা সংযুক্তি অঞ্চলে (টেকপাড়া, ফুলবাড়িয়া ও নলভোগ) ইতিমধ্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ১৯৯০ সালের দিকে এখানে পাঁচ-ছয়টি বাড়িঘর ছিল। বাকি জমিতে চাষাবাদ হতো। এলাকার মানুষ সামনের খালে মাছ ধরেও জীবিকা নির্বাহ করতেন।

সেই সময়ের বসতিগুলোর একটি ছিল শেখ নাজিমউদ্দিনের। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। তাঁর নাতি ৫৫ বছর বয়সী আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আশপাশের এলাকার তুলনায় আমাদের জায়গাটি উঁচু ছিল। এ কারণে অনেকে একে “ট্যাক” বলে ডাকতেন। পরে জায়গাটির নাম হয়ে যায় টেকপাড়া।’

এলাকার অতীতের কথা বলতে গিয়ে আমির হোসেন বলেন, ১৯৮৮ সালের বন্যায় আশপাশের সব জায়গা পানিতে ডুবে গেলেও তাঁদের বাড়িঘর ডুবেনি। জায়গাটি উঁচু হওয়ায় সেখানে বন্যার পানি উঠতে পারেনি। ছোটবেলায় তিনি ওই এলাকায় ধান ও পাটের খেত দেখেছেন। পরে বিভিন্ন কোম্পানি জমি কিনে ভবন নির্মাণ শুরু করে।

পরিকল্পিত নগরীর পাশেই এই জনপদে আছে নাগরিক সুযোগ-সুবিধার সংকট। টেকপাড়া, ২২ নভেম্বর

একসময় খালে ছিল মাছের প্রাচুর্য

টেকপাড়ার সামনের খালটির চেহারাও একসময় ছিল ভিন্ন। এখনকার মতো নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি ছিল না সেখানে। খাল দিয়ে চলাচল করত বিভিন্ন ধরনের নৌযান। মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় অনেকেই।

স্থানীয় বাসিন্দা ৬৫ বছর বয়সী বেদন মিয়া প্রথম আলোকে বলেন, খালের পানি ছিল খুব পরিষ্কার। মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। নদীতে চলত স্টিমার ও লঞ্চ। দুই পাশে যত দূর চোখ যেত, দেখা যেত ধানখেত। বর্ষাকালে আশপাশের জমি পানিতে ডুবে বিলের মতো হয়ে যেত। সেখানে মাছ ধরতেন এলাকার মানুষ।

জমির দাম বাড়ার চিত্রও তুলে ধরেন বেদন মিয়া। তাঁর ভাষ্য, ২০০০ সালের দিকে টেকপাড়ায় প্রতি কাঠা জমির দাম ছিল প্রায় এক লাখ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৯০ লাখ টাকায়। আর উত্তরার পরিকল্পিত আবাসিক এলাকার ভেতরে প্রতি কাঠা জমির দাম দুই থেকে তিন কোটি টাকা পর্যন্ত।

তিন শতাধিক পরিবারের বসতি, অধিকাংশই ভাড়াটিয়া

একসময় হাতে গোনা কয়েকটি পরিবারের বসতি থাকলেও এখন টেকপাড়ায় বাস করে তিন শতাধিক পরিবার। তাঁদের অধিকাংশই ভাড়াটিয়া। যাঁদের মালিকানায় এলাকার জমি রয়েছে, তাঁদের অনেকে উত্তরার বিভিন্ন অভিজাত এলাকায় বসবাস করেন।

২১ নভেম্বর সরেজমিনে টেকপাড়া ঘুরে দেখা গেছে, ছোট একটি খালের পাশে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ জনপদটি। অধিকাংশ বাড়িঘর টিনের বেড়া ও টিনের চালের। কিছু বাড়ি আধাপাকা। ভেতরের রাস্তাগুলো সরু ও কাঁচা। কোথাও কোথাও স্যাঁতসেঁতে পরিবেশ। বাড়িঘরের আশপাশে ময়লা-আবর্জনা পড়ে আছে। পর্যাপ্ত পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থাও চোখে পড়ে না। সামনের খালের পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ।

এখানকার বাসিন্দাদের বড় অংশই দেশের বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে ঢাকায় এসেছেন। তাঁদের কেউ অটোরিকশা চালান, কেউ দোকানদারি করেন। নারীদের অনেকে আশপাশের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তুলনামূলক কম ভাড়ায় থাকার সুযোগ থাকায় তাঁরা এখানে বসতি গড়েছেন।

এলাকার ভাড়াটিয়া ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, আশপাশের এলাকার তুলনায় এখানে বাসাভাড়া কম। তাই পরিবার নিয়ে থাকছেন। গ্রামের বাড়িতে জমিজমা না থাকায় ২০১৭ সালের দিকে পরিবার নিয়ে ঢাকায় আসেন। এর পর থেকে টেকপাড়াতেই আছেন। বর্তমানে রিকশা চালান।

উত্তরার টেকপাড়া খালের পাড়ে দাঁড়িয়ে লাইভ ভিডিও করছেন এক চীনা নারী। ৩ নভেম্বর তোলা

পরিকল্পিত উত্তরা, পাশে পুরোনো জনপদ

শুধু টেকপাড়া নয়, একসময় পুরো উত্তরাজুড়েই ছিল বিস্তীর্ণ মাঠ, বিল ও নিচু জমি। এসব জমিতে চাষাবাদ হতো। বিলে মাছ ধরতেন স্থানীয় মানুষ। পরে ঢাকার আবাসনসংকট কমানো এবং নগরীর ওপর চাপ সামলাতে রাজধানীর উত্তরাঞ্চলে পরিকল্পিত উপশহর গড়ে তোলার উদ্যোগ নেয় তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ২০০২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক মামুন রশিদের একটি গবেষণা প্রতিবেদন বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশ হয়। ‘হাউজিং অ্যাট উত্তরা মডেল টাউন ইন ঢাকা সিটি’ শীর্ষক ওই গবেষণায় উত্তরার পরিকল্পিত নগরায়ণের ইতিহাস তুলে ধরা হয়েছে।

ওই গবেষণায় বলা হয়েছে, ১৯৬৫ সালের জুনে এলাকাটিতে পরিকল্পিত নগরায়ণের সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। প্রকল্পটির প্রাথমিক নাম ছিল ‘নর্থ স্যাটেলাইট টাউনশিপ’। পরে ১৯৮০ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় উত্তরা আবাসিক মডেল টাউন।

উত্তরার টেকপাড়া এলাকার একটি সেতুর সামনে ভিডিও করছেন এক চীনা নাগরিক। ৩ নভেম্বর

১৯৮৭ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের পরিবর্তে প্রতিষ্ঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উত্তরার প্রথম পর্যায়ের উন্নয়নকাজ শেষ হয় ১৯৯২ সালে। এ পর্যায়ে ৯৫০ একর জমিতে প্রায় ছয় হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের উন্নয়নকাজ শুরু হয় ১৯৯২ সালে। ৪৩৮ একর জমিতে ৫ হাজার ৩১৫টি প্লট বরাদ্দের মাধ্যমে এ পর্যায়ের কাজ শেষ হয় ১৯৯৮ সালে।

২০১৮ সালে আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলনে উপস্থাপিত ‘কমিউনিটিজ ইন অ্যা গ্রোয়িং মেগাসিটি: অ্যা পাথওয়ে টু আরবান সাসটেইনেবিলিটি ফর উত্তরা, ঢাকা’ শীর্ষক গবেষণায় উত্তরার তৃতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনার তথ্য রয়েছে।

ওই গবেষণায় বলা হয়েছে, ১৯৯৯-২০০০ সালে এ পর্যায়ের পরিকল্পনা নেওয়া হয়। ২০০০ সালের মে মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন পায়। ২০০০-২০০১ সালে জমি অধিগ্রহণ শুরু হয়। উন্নয়নকাজ শুরু হয় ২০০৪ সালে।

উত্তরার বিভিন্ন পর্যায়ের আবাসন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে বদলে গেছে আশপাশের এলাকাও। কৃষিজমি ও জলাভূমির জায়গায় গড়ে উঠেছে পরিকল্পিত আবাসিক এলাকা, বহুতল ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। বেড়েছে জমির দাম। বদলে গেছে মানুষের জীবনযাত্রা।

সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন

উত্তরার পরিকল্পিত আবাসিক এলাকার পাশে থেকেও টেকপাড়া নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে রয়েছে। তবে এলাকাটির উন্নয়নে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

উত্তরার ১২ নম্বর সেক্টরের পাশে টেকপাড়ায় বাজারের লাইভ ভিডিও করেন চীনা নাগরিকেরা। ৩ নভেম্বর তোলা

ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ (অতিরিক্ত দায়িত্ব) এস এম শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, উত্তরার বর্ধিত বা সংযুক্তি অঞ্চলে (টেকপাড়া, ফুলবাড়িয়া ও নলভোগ) ইতিমধ্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উত্তরার বিভিন্ন পর্যায়ে আবাসন প্রকল্প গড়ে উঠেছে, বদলেছে আশপাশের জনপদ। কৃষিজমি ও জলাভূমির জায়গায় উঠেছে বহুতল ভবন, প্রশস্ত হয়েছে সড়ক। জমির দাম বেড়েছে কয়েক গুণ। কিন্তু এখনো সেই পরিবর্তনের বাইরে রয়ে গেছে টেকপাড়া। দুই জনপদের দূরত্ব একটি খাল হলেও জীবনযাত্রার ব্যবধান অনেক। পরিকল্পিত নগরীর পাশেই এই জনপদের সরু গলি, টিনের ঘর আর নাগরিক সুযোগ-সুবিধার সংকট এখানকার নিত্যদিনের বাস্তবতা।

উত্তরায় এখন আর দেখা যাচ্ছে না চীনা ভ্লগারদের, কী করতেন তাঁরা

Read full story at source