গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
· Prothom Alo

৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) শেষ সভা করেছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে জেআরসি সদস্যদের নেতৃত্বে গঠিত যৌথ কমিটি আজ রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে এ সভা করে। প্রতিষ্ঠার পর থেকে এটি ছিল যৌথ কমিটির ৯১তম বৈঠক।
যৌথ নদী কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ অনুচ্ছেদ অনুযায়ী চুক্তিটি বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দেশের জেআরসি সদস্যদের নেতৃত্বে যৌথ কমিটি গঠন করা হয়।
Visit syntagm.co.za for more information.
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ ঢাকায় তৃতীয় বৈঠক হয়। বৈঠকে চুক্তির বাস্তবায়ন–সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
যৌথ নদী কমিশন বলেছে, যৌথ কমিটিটি ১৯৯৭ সাল থেকে গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, সেই দলসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ–সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রণয়নের কাজ করে আসছে।
এসব কাজ সম্পাদনের ক্ষেত্রে প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বৈঠক ফারাক্কায় সাইট পরিদর্শন শেষে কলকাতায় অনুষ্ঠিত হয়। একই উদ্দেশ্যে আরেকটি বৈঠক হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদীতে সাইট পরিদর্শন শেষে ঢাকায় অনুষ্ঠিত হয়।
গঙ্গার পানিবণ্টনে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের চুক্তি করে। সমঝোতা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানিবণ্টন করা হয়ে থাকে।
চলতি বছরের ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিলে সরকার গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে বাংলাদেশ। জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে প্রথমবারের মতো আলোচনার প্রস্তাব দেয়। জুনের সেই অনুরোধের উল্লেখ করে বাংলাদেশ আগস্টে আরেক দফা চিঠি দেয় ভারতকে। কিন্তু বাংলাদেশের সেই অনুরোধে সাড়া দেয়নি ভারত।