আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম

· Prothom Alo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

Visit biznow.biz for more information.

বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’ বিবৃতিতে বলা হয়, ‘তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না।’

আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতা-কর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিবৃতিতে হেফাজতের শীর্ষ নেতারা বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাঁদের ন্যায়বিচারের বিষয়টি বিবেচনায় না নিয়ে যাঁরা বিভিন্ন টক শো ও প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে কথা বলছেন, তাঁদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।

বিবৃতিতে বলা হয়, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের শোধরায়নি। ফলে দলটির ব্যাপারে বিগত শাসনকালে তাদের নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

হেফাজতের নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতা দখল করে ১৫ বছর ধরে গুম-খুন এবং পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

Read full story at source