বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস দেখতে দর্শনার্থীদের ভিড়
· Prothom Alo

রঙের এমন বাহার যে দেখে মনে হয় কোনো শিল্পীর আঁকা ছবি। গাঢ় কমলা রঙের পালকে সাজানো ম্যান্ডারিন হাঁস সম্প্রতি ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডস অঞ্চলের নানা জায়গায় দেখা যাচ্ছে। এমন চোখধাঁধানো হাঁস এলাকাটিতে কীভাবে এল, সে প্রশ্নে কৌতূহলী স্থানীয় বাসিন্দারা।
বার্মিংহামের সাটন পার্কসহ অঞ্চলটির বেশ কয়েকটি মনোরম স্থানে এই হাঁস দেখতে ভিড় করছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা। স্থানীয় আলোকচিত্রী জামিল এল ফারসি বলেন, নিজের এলাকার এত কাছে এমন হাঁস পাওয়া ছিল অবিশ্বাস্য। তাঁর ভাষায়, ‘ওদের দেখে সত্যিকারের মনে হয় না, মনে হয় আঁকা ছবি। রংগুলো এতটাই উজ্জ্বল।’
Visit mchezo.life for more information.
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এআই’ সন্দেহ
হাঁসগুলোর চেহারা এতই অদ্ভুত সুন্দর যে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবি ভেবে ভুল করেছেন। অথচ এগুলো একেবারেই বাস্তব।
দুই ঘণ্টার অপেক্ষা
ম্যান্ডারিন হাঁস ভীষণ লাজুক। এরা নিরিবিলি জায়গা পছন্দ করে, প্রায়ই ঝুঁকে থাকা উইলোগাছের নিচে লুকিয়ে থাকে। তাই ছবি তোলা বেশ কঠিন। জামিল জানান, একটি হাঁসের ছবি তুলতে তিনি প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেছেন। হাঁসটি একটি গুঁড়ির চারপাশে সাঁতরাচ্ছিল। তিনি চাইছিলেন, ওটা পানি থেকে উঠে গুঁড়ির ওপর বসুক, যাতে একটা ভালো ছবি তোলা যায়।
প্রথমে হ্যালেসওয়েনের লিসোজে হাঁসগুলো দেখেছিলেন জামিল। অক্টোবরে স্ত্রী ও সন্তানদের নিয়ে আবার গেলেন সাটন পার্কে। সেখানে ভিড় দেখে অবাক হন তিনি। বললেন, ‘ওল্ভারহ্যাম্পটনসহ মিডল্যান্ডসের সব জায়গা থেকে মানুষ এসেছে।’
পূর্ব এশিয়া থেকে ইংল্যান্ড
ম্যান্ডারিন হাঁসের আদি নিবাস পূর্ব এশিয়ায়। বিংশ শতাব্দীর শুরুর দিকে চীন থেকে এদের ইংল্যান্ডে আনা হয়। এখন এরা সেখানকার পরিবেশে মিলে গেছে। বিশেষ করে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এদের বেশি দেখা যায়; ওয়েলস ও স্কটল্যান্ডের কিছু অংশেও আছে। ক্যানাল অ্যান্ড রিভার ট্রাস্ট জানায়, এরা স্থানীয় প্রজাতির কোনো ক্ষতি করে না, আর এখনো এরা ‘বিরল ও বিশেষ’ এক দৃশ্য।
পুরুষ হাঁসের পালক আর ঝলমলে রং সবচেয়ে নজর কাড়ে। স্ত্রী হাঁস তুলনায় সাদামাটা, ধূসর-বাদামি পালকের, চোখের পাশে সাদা রেখা। এরা সাধারণত পুরোনো গাছের কোটরে বাসা বাঁধে।
ম্যান্ডারিন হাঁসসংখ্যা বাড়ছে দ্রুত
বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনে এখন ম্যান্ডারিন হাঁস ক্রমেই বেশি চোখে পড়ছে। পাখিবিষয়ক সংস্থা বার্ডফ্যাক্টের প্রতিষ্ঠাতা নেথান কোপ বলেন, পশ্চিম মিডল্যান্ডসে এদের সংখ্যা এখন অনেক বেশি। তাঁর হিসাবে, পাখি পর্যবেক্ষকদের খাতায় বার্মিংহাম এলাকায় এদের উল্লেখ ১০ বছর আগের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়েছে, অথচ পর্যবেক্ষকের সংখ্যা মোটামুটি একই আছে।
কোপের ধারণা, প্রায় এক শতাব্দী আগে সংগ্রহশালা থেকে পালানো পাখিদের বংশধরেই ব্রিটেনের বর্তমান হাঁসের সংখ্যা গড়ে উঠেছে। তাঁর ভাষ্য, ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে যুক্তরাজ্যে এদের সংখ্যা ছয় গুণেরও বেশি বেড়েছে এবং মধ্য ইংল্যান্ডে ছড়িয়ে পড়েছে; পশ্চিম মিডল্যান্ডস এখন দক্ষিণের সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে।
বার্মিংহাম অ্যান্ড ব্ল্যাক কান্ট্রি ওয়াইল্ডলাইফ ট্রাস্টের তথ্য অনুযায়ী, ১৯৯৫ থেকে ২০২৪ সালের মধ্যে ইংল্যান্ডে এদের প্রজননক্ষম সংখ্যা বেড়েছে ৬৬৩ শতাংশ। যুক্তরাজ্যে এখন প্রজননক্ষম জোড়া আছে আনুমানিক ৪ হাজার ৪০০ থেকে ৭ হাজার।
মাটির পাত্রে কেন দই সংরক্ষণ করা হয়বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস
ট্রাস্টের জেমস বেনওয়েলের মতে, ম্যান্ডারিন হাঁস ‘বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস’। তিনি বলেন, ‘পুরুষ হাঁসগুলো সত্যিই বিদেশি চেহারার, উজ্জ্বল রং আর বিশেষ পালক নিয়ে। স্ত্রী হাঁসগুলো অনেক কম জমকালো।’
ট্রাস্ট জানায়, সাটন পার্কে বহু বছর ধরেই এদের স্থায়ী বসতি আছে। পেরি হল পার্কে একটি হাঁস দীর্ঘদিন ধরে থাকছে; স্যান্ডওয়েল ভ্যালি, রেড হাউস পার্ক পুল ও ফেনস পুলসেও এদের দেখা মিলেছে।
দেখার সেরা সময় এখন
বেনওয়েল জানান, শরৎকালই এদের দেখার সবচেয়ে ভালো সময়। গ্রীষ্মে পালক ঝরে যাওয়ার পর এ সময় পুরুষ হাঁসেরা তাদের বিশিষ্ট রং ফিরে পায়। সাটন পার্কের হাঁসেরা এখন জনপ্রিয় কিপার’স পুলে আস্তানা গেড়েছে। সেখানে প্রায় ১৫টি পুরুষ হাঁস আছে, সঙ্গে আরও বেশি স্ত্রী হাঁস। বেনওয়েলের কথায়, ‘দৃশ্যটা সত্যিই চমৎকার, দেখতে যাওয়া সার্থক।’