জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা

· Prothom Alo

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা ১২ কেজি ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এসব সোনার বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। আজ বুধবার রাত ১০টার দিকে ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Visit salonsustainability.club for more information.

ঢাকা কাস্টমস হাউসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের ইকে৫৮৬ ফ্লাইটে আসা যাত্রীদের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে বলে গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে তারা।

একপর্যায়ে চেন লিইউন ও মো জিয়াওইউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের সোনার পেস্ট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা সোনার বিশুদ্ধতা প্রাথমিক পরীক্ষায় ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।

আটক সোনা ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

Read full story at source