বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

· Prothom Alo

চীনে বেশি বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ১২ নারীকে চট্টগ্রাম থেকে আনা হয় ঢাকায়। এরপর তাঁদের বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়। এমনকি বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাবও দেওয়া হয়েছিল।

Visit asg-reflektory.pl for more information.

গতকাল সোমবার ১২ নারীকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি–১) একটি দল। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

এসআরবি জানায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার একটি নিখোঁজ জিডির (সাধারণ ডায়েরি) সূত্র ধরে ১২ নারীকে উদ্ধার করা হয়েছে। ভ্রমণের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই তাঁদের চীনে পাচারের পরিকল্পনা চলছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গত সোমবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে নিখোঁজ দুই নারীকে উদ্ধারের আবেদন পাওয়ার পর অভিযান শুরু করে তারা। অভিযান চালিয়ে সোমবার বেলা তিনটার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাটারা এলাকা থেকে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, চীনে নিয়ে উচ্চবেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল তাঁদের। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের জোরপূর্বক একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভনও দেখানো হয়।

এসআরবি জানায়, উদ্ধার হওয়া নারীদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Read full story at source