সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম
· Prothom Alo

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ জন্য ক্ষমতাসীন দল বিএনপি নিয়ন্ত্রিত সিন্ডিকেট দায়ী বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ মঙ্গলবার শরীয়তপুর জেলা শহরের পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সভায় নাহিদ ইসলাম এ অভিযোগ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি ও বাণিজ্যের প্রতিবাদে জেলা এনসিপি এ সভার আয়োজন করে।
Visit casino-promo.biz for more information.
নাহিদ ইসলাম বলেন, ১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করেছে। সেই দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। একটা সিলিন্ডার ২ হাজার ৬০০ টাকা হয়ে গেছে। সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, আর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি।
‘চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি—এ দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সে সম্ভাবনা নষ্ট হয়েছে। ক্ষমতায় বসে বিএনপি সরকার আবার দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, সিন্ডিকেট সবকিছুই ফিরিয়ে এনেছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগে হাত মিলিয়েছিল বিএনপি। তারা একটা সমঝোতার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের, চাঁদাবাজদের এখন নিজেদের কাজে ব্যবহার করছে। ফলে আমরা দেখছি যে চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে। যে গণ–অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে বিএনপি অনেক দূরে সরে গেছে।’
কাউকে নমিনেশন তুলতে না দিয়ে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শরীয়তপুর বার নির্বাচন করে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেটা হতে দেব না। আপনারা যাঁরা জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নিয়েছেন, আপনারা যাঁরা দেশপ্রেমিক ব্যক্তি রয়েছেন, যাঁরা এলাকার উন্নয়ন করতে চান, মানুষের কাজ করতে চান; আপনারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিন। স্বৈরাচার, চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করুন।’
নাগরিক সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করায় তাঁরা আশা করেছিলেন, দলটি বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ ও সারের ডিলার নিয়োগের সময় সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।
সারজিস আলম অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে দলীয় পরিচয় এবং সংসদ সদস্যদের ছেলে ও আত্মীয়স্বজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি দেশের মানুষের সরকার না হয়ে নিজেদের দলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা এনসিপির আহ্বায়ক রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মো. হোসাইন, শরীয়তপুর জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার প্রমুখ বক্তব্য দেন।