তিক্ততা ছাড়াই মিউচুয়াল সেপারেশনের প্রবণতা বাড়ছে, শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার বিষয়ে যে ৬টি পরামর্শ দেন বিশেষজ্ঞরা

· Prothom Alo

এখন আলাদা হওয়ার ক্ষেত্রে তিক্ততা এড়িয়ে মিউচুয়াল সেপারেশনের শান্তিপূর্ণ সমাধানের দিকেই যাওয়ার প্রবণতা দেখা যায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া কাপলদেরকে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কয়েকটি ধাপে বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে।

Visit esporist.com for more information.

দাম্পত্য সম্পর্কের ইতি টানা কখনোই সহজ নয়। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে আলাদা হওয়ার সিদ্ধান্তে দুঃখ, রাগ, অভিমান কিংবা অনিশ্চয়তা কাজ করতে পারে। তবে দুজনের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত হলে সেটি যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। এ জন্য প্রয়োজন আবেগ নিয়ন্ত্রণ, পরিষ্কার যোগাযোগ এবং ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা। আর এখন আলাদা হওয়ার ক্ষেত্রে তিক্ততা এড়িয়ে মিউচুয়াল সেপারেশনের শান্তিপূর্ণ সমাধানের দিকেই যাওয়ার প্রবণতা দেখা যায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া কাপলদেরকে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কয়েকটি ধাপে বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে।

সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের কথা বলার আগে নিজের আবেগ সামলে নেওয়া জরুরি


আগে নিজেকে প্রস্তুত করুন

সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের কথা বলার আগে নিজের আবেগ সামলে নেওয়া জরুরি। দুঃখ, রাগ কিংবা হতাশার মুহূর্তে আলোচনা শুরু করলে পরিস্থিতি সহজেই উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই আগে নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন এবং কী চান, তা পরিষ্কার করুন। একই সঙ্গে আর্থিক বিষয়গুলোও গুছিয়ে নেওয়া দরকার। আয়কর রিটার্ন, ব্যাংক হিসাবের বিবরণী, সম্পদের তালিকা এবং ঋণের তথ্য সংগ্রহ করে নিরাপদে রাখুন। সম্পত্তি ও অন্যান্য দায়িত্ব কীভাবে ন্যায্যভাবে ভাগ করা যেতে পারে, সে বিষয়েও নিজের প্রত্যাশা পরিষ্কার করে নিন।

কথা বলার জন্য সঠিক সময় বেছে নিন

বিচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য শান্ত ও ব্যক্তিগত পরিবেশ বেছে নেওয়া ভালো। এমন জায়গায় কথা বলুন, যেখানে দুজনই নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। সন্তান বা অন্য কোনো পারিবারিক সদস্যের উপস্থিতি এড়িয়ে চলুন।

আলোচনা শুরুর সময় অভিযোগ কিংবা দোষারোপ করে লাভ নেই

আলোচনা শুরুর সময় অভিযোগ কিংবা দোষারোপ না করে নিজের সিদ্ধান্ত স্পষ্টভাবে জানান। অতীতের ভুলের হিসাব না কষে ভবিষ্যতে কীভাবে বিষয়টি সুন্দরভাবে সামলানো যায়, সেদিকে মনোযোগ দিন।

শুধু বলবেন না, শুনবেনও

বিচ্ছেদের সিদ্ধান্ত দুজনের হলেও দুজনের অনুভূতি একই রকম নাও হতে পারে। তাই সঙ্গীকে তাঁর কথা বলার সুযোগ দিন। তিনি কী অনুভব করছেন, কী নিয়ে উদ্বিগ্ন বা তাঁর কী প্রশ্ন আছে, মন দিয়ে শুনুন। আলোচনা চলাকালে আবেগ বেড়ে গেলে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া ভালো। পরিস্থিতি শান্ত হলে আবার কথা বলা যেতে পারে। উদ্দেশ্য হওয়া উচিত কে ঠিক বা কে ভুল, তা প্রমাণ করা নয়, বরং কীভাবে দুজনের জন্য গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানো যায়, তা খুঁজে বের করা।

কীভাবে দুজনের জন্য গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানো যায়, তা খুঁজে বের করুন

সন্তান থাকলে তাদের কথা আগে ভাবুন

বিচ্ছেদের সময় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত সন্তানদের। তাদের দৈনন্দিন জীবন যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। বাবা-মায়ের দ্বন্দ্ব বা মতবিরোধের মধ্যে সন্তানকে জড়ানো উচিত নয়। সন্তানকে কখনো দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যম বা নিজেদের দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক নয়। কে কোথায় থাকবেন, সন্তানের দেখাশোনা কীভাবে হবে, দৈনন্দিন দায়িত্ব কীভাবে ভাগ হবে এসব বিষয়ে আগেই একটি সাময়িক পরিকল্পনা করে নেওয়া ভালো।

সমঝোতাগুলো লিখিতভাবে রাখুন

আলাদা থাকার শুরুতে অনেক বিষয়ই সাময়িকভাবে ঠিক করতে হয়। কে কোথায় থাকবেন, খরচ কীভাবে চলবে কিংবা সন্তানের দায়িত্ব কে কীভাবে নেবেন এসব বিষয়ে দুজনের সম্মতিগুলো লিখিতভাবে রাখা ভালো। এতে পরে ভুল বোঝাবুঝির সুযোগ কমে।

আলাদা থাকার শুরুতে অনেক বিষয়ই সাময়িকভাবে ঠিক করতে হয়

প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নিন

সব বিষয়ে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর সহায়তা নেওয়া যেতে পারে। সম্পত্তি ভাগাভাগি, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে আর্থিক পরামর্শক, কাউন্সেলর বা আইনজীবীর পরামর্শও নেওয়া যেতে পারে।

শান্তিপূর্ণ বিচ্ছেদ মানে আবেগহীন বিচ্ছেদ নয়

শান্তিপূর্ণ বিচ্ছেদ মানে আবেগহীন বিচ্ছেদ নয়। বরং কঠিন সময়েও একে অপরের প্রতি সম্মান রেখে, ভবিষ্যতের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই এর মূল কথা। আলাদা হওয়ার এক আলাদা রকমের যন্ত্রণা থাকবেই। কিন্তু যদি সে পথে যেতেই হয়, তবে মিউচুয়াল সেপারেশনের শান্তিপূর্ণ পদ্ধতি বেছে নিলে তা নিজের ও আপনার পার্টনারের মানসিক ও সামাজিক জীবনের জন্যই মঙ্গল বয়ে আনবে।

সূত্র: দ্য সেপারেশন গাইড, বুরা রবিনসন ফ্যামিলি লইয়ার্স, অ্যাবি মেডকাফ

ছবি: পেকজেলস ও এআই

Read full story at source