পাহাড়–সমুদ্রে বন্ধুদের সঙ্গে
· Prothom Alo

বন্ধুত্ব মানেই হাসি, আনন্দ, খুনসুটি আর অসংখ্য স্মৃতি। সেই বন্ধনকে আরও গভীর করে তুলতে তিন দিনের জন্য কক্সবাজারের হিমছড়ি ও সমুদ্রসৈকতে ঘুরে এলাম বন্ধুরা। পাহাড়, সমুদ্র, চান্দের গাড়ি, গান, আড্ডা আর একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তে ভরে উঠেছিল পুরো ভ্রমণ।
ভ্রমণের শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। চান্দের গাড়িতে করে পাহাড়ি পথে চলার সময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বন্ধুদের মিলিত কণ্ঠের গান পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত। কখনো গান, কখনো গল্প, আবার কখনো হাসি-ঠাট্টায় পথ যেন মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছিল।
Visit raccoongame.org for more information.
বন্ধু আকাশের খুনসুটি, আতিকের দুষ্টুমিতে বারবার জমে উঠেছে হাসির আসর। ফাহিমের টানা বকবক পুরো দলকে মাতিয়ে রেখেছিল। কথার ফাঁকে ফাঁকে বন্ধুদের হাসি আর পাল্টাজবাব ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
হিমছড়িতে পৌঁছে পাহাড় ও সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে সবাই। পাহাড়ের উঁচু-নিচু পথ, চারপাশের সবুজ আর দূরে সমুদ্রের নীল জল—সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন মুগ্ধ করে সবাইকে। ছবি তোলা, গল্প করা ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে তৈরি হয় স্মরণীয় মুহূর্ত।
ভ্রমণের অন্যতম আনন্দের মুহূর্ত আসে কলাতলি বিচে। সমুদ্রের ঢেউ দেখেই যেন সবাই আবার শিশুর মতো হয়ে যায়। কেউ ঢেউয়ের পেছনে ছুটেছে, কেউ পানিতে নেমে করেছে দুষ্টুমি। শেষ পর্যন্ত সবাই মিলে সমুদ্রের পানিতে লুটোপুটি—হাসি, চিৎকার আর আনন্দে মুখর হয়ে ওঠে সৈকত। ঢেউয়ের সঙ্গে সেই খেলায় ভুলে যাওয়া যায় শহুরে জীবনের সব ব্যস্ততা।
এই সুন্দর ও আনন্দময় ভ্রমণকে সফল করে তোলার পেছনে বিশেষ ভূমিকা ছিল আবু তালহার পরিকল্পনা ও ব্যবস্থাপনার। যাতায়াত, থাকা–খাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় সুন্দরভাবে সমন্বয় হওয়ায় করার কারণে পুরো ভ্রমণ হয়ে ওঠে আরও গোছানো ও উপভোগ্য।
ভ্রমণ শেষে ফেরার পথে সবার চোখেমুখে ছিল আনন্দের পাশাপাশি বিষণ্নতা। এই ভ্রমণ শুধু কক্সবাজারের পাহাড়-সমুদ্র দেখার অভিজ্ঞতা ছিল না; এটি ছিল বন্ধুত্বকে নতুন করে অনুভব করার, একসঙ্গে হাসার এবং ভবিষ্যতের জন্য অসংখ্য স্মৃতি জমিয়ে রাখার একটি সুযোগ।