সাদা নাকি বাদামি ডিম, কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?

· Prothom Alo

ডিমের খোসার রং দেখে আমরা প্রায়ই সিদ্ধান্ত নিই কোনটি বেশি পুষ্টিকর। কিন্তু সত্যিই কি বাদামি ডিম সাদা ডিমের চেয়ে ভালো নাকি এটি নিছকই আমাদের ধারণা?

Visit sportnewz.click for more information.

সকালের নাশতার টেবিলে ডিম থাকলে অনেকেরই দিনটা যেন দারুণভাবে শুরু হয়। কেউ সেদ্ধ ডিম দিয়ে দিনের শুরু করেন, কেউ সবজি দিয়ে অমলেট, আবার কারও কাছে গরম ভাতের সঙ্গে ডিম ভাজা মানেই চিরচেনা স্বস্তি। বিশেষ করে যারা শরীরচর্চা করেন বা খাবারে প্রোটিনের দিকে নজর রাখেন, তাঁদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের উপস্থিতি বেশ নিয়মিত।তাই বাজারে ডিম কিনতে গেলে হুত করে মাথায় আসে, সাদা ডিম নেব, নাকি বাদামি?

অনেকের ধারণা, বাদামি ডিম বেশি প্রাকৃতিক, বেশি পুষ্টিকর কিংবা সাদা ডিমের তুলনায় ভালো। আবার কেউ মনে করেন, সাদা ডিমই তুলনামূলক হালকা ও স্বাস্থ্যকর। খোসার রং নিয়ে এই ছোট্ট দ্বিধা আসলে আমাদের খাবার নিয়ে তৈরি অনেক প্রচলিত ধারণারই একটি। তবে বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ডিমের খোসার রং নিজে থেকে ডিমের পুষ্টিমান, গুণমান বা স্বাদ নির্ধারণ করে না।

তাহলে রং আলাদা হয় কেন? এর উত্তর লুকিয়ে আছে মুরগির প্রজাতির মধ্যে।
বিভিন্ন জাতের মুরগি বিভিন্ন রঙের ডিম পাড়ে। সাধারণভাবে হালকা রঙের পালকের মুরগি সাদা ডিম এবং লালচে বা বাদামি পালকের মুরগি বাদামি ডিম দেওয়ার প্রবণতা রাখে। তবে ডিমের খোসা শুধু সাদা বা বাদামিই নয়, কিছু মুরগি ক্রিম, নীল, সবুজ কিংবা ছোপছোপ খোসার ডিমও দিতে পারে।  ডিমের খোসার রং দেখে তার ভেতরের পুষ্টিগুণ সম্পর্কে সরাসরি সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাজারে পাশাপাশি রাখা দুটি ডিমের একটি সাদা, অন্যটি বাদামি। দেখতে আলাদা হলেও খোসা ভেঙে ভেতরের অংশটি দেখলে সেই পার্থক্য এতটা নাটকীয় নয়। রান্না হয়ে গেলে তো আরও নয়।

বাদামি ডিম কি বেশি পুষ্টিকর?

এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটি তৈরি হয়। অনেকেই ভাবেন, বাদামি খোসার ডিম মানেই বেশি পুষ্টিকর। কিন্তু ডিমের খোসার রং একা তার পুষ্টিমান নির্ধারণ করে না। একইভাবে সাদা ডিম মানেই কম পুষ্টিকর, এমন ধারণারও ভিত্তি নেই। দুই ধরনের ডিমই খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ পুষ্টি যোগ করতে পারে। তাই শুধু খোসার রং দেখে একটি ডিমকে অন্যটির চেয়ে ‘ভালো’ বা ‘খারাপ’ বলা যায় না।

যখন পুষ্টির কথা ভাবছেন, তখন খোসার রঙের চেয়ে আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ।

সতেজতা: যতটা সম্ভব তাজা ডিম বেছে নেওয়া ভালো।

মুরগির খাদ্য: মুরগি কী ধরনের খাবার খাচ্ছে, সেটিও ডিমের সামগ্রিক পুষ্টিগত বৈশিষ্ট্যে প্রভাব ফেলতে পারে।

মুরগির পালনপদ্ধতি: মুরগিকে কীভাবে পালন করা হচ্ছে, তার দিকেও নজর দেওয়া যেতে পারে।

অর্থাৎ ডিমের রং নয়, বরং তাজা ডিম, উৎপাদনের পদ্ধতি এবং মুরগির খাদ্য এসব বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

স্বাদেও কি পার্থক্য আছে?

বাদামি ডিমকে অনেকেই বেশি সুস্বাদু মনে করেন। আবার কারও কাছে সাদা ডিমের স্বাদই বেশি ভালো।

কিন্তু শুধু খোসার রং স্বাদের নিশ্চয়তা দেয় না। ডিমের স্বাদ ও গুণমানের ক্ষেত্রে মুরগির খাদ্য, পালনপদ্ধতি এবং ডিমের সতেজতার মতো বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে।
তাই ‘বাদামি মানেই সুস্বাদু’ কিংবা ‘সাদা মানেই সাধারণ’ এমন সরল সমীকরণও ঠিক নয়।

আপনার রান্নাঘরের জন্য কোনটি?

সাদা হোক কিংবা বাদামি, ভালো মানের ও তাজা ডিমই বেছে নিন। আপনি যদি প্রতিদিন ডিম খান, তাহলে শুধু খোসার রং দেখে বেশি দামি ডিম কিনতেই হবে এমন কোনো কারণ নেই। বরং ডিমটি কতটা তাজা, কোথা থেকে এসেছে এবং কীভাবে উৎপাদিত হয়েছে, সেদিকে নজর দেওয়া বেশি যুক্তিযুক্ত। সকালের নরম সেদ্ধ ডিম, ব্যায়ামের পর প্রোটিনসমৃদ্ধ খাবার কিংবা ছুটির দিনের পরিবারের জন্য ডিমের দিয়ে বিশেষ কোন রেসিপি যেমন ডিমের কোর্মা বা ডিম খিচুড়ি যেভাবেই খান না কেন, ডিমের আসল মূল্য তার খোসার রঙে নয়, তার পুষ্টিগুণ ও মানে।

তথ্য : এল করনিস্টা টু ডে

ছবি: পেকজেলসডটকম

Read full story at source