রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, মামলা ৩৯
· Prothom Alo

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৩৯টি মামলা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
Visit biznow.biz for more information.
আজ শুক্রবার ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনায় ২০ জন, লালবাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুরে ১৫৬ জন, গুলশানে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন ও ডিএমপির গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছে। অভিযানকালে ১টি বিদেশি রিভলবার, ১টি গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১টি ইয়াবা বড়ি, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চায়নিজ কুড়াল, ১টি হাঁসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ ও ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ডিএমপি রাজধানীতে অভিযান চালিয়ে ৫৬০ জনকে গ্রেপ্তার করে।