চার শহরে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত, বিজয়ী ১৮০ জন

· Prothom Alo

আগামী দিনের চ্যালেঞ্জ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সৃজনশীলতা ও মানবিকতার চর্চাও করতে হবে। নতুন যুগে তথ্য জানার কোনো বাহাদুরি থাকবে না। বরং হতে হবে সমস্যা সমাধানে পটু। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬-এর জাতীয় পর্বে অতিথিরা শিক্ষার্থীদের এ কথা স্মরণ করিয়ে দেন। আজ শনিবার ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অলিম্পিয়াডের ঢাকা পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া একই সময়ে চট্টগ্রাম, রংপুর ও সিলেটেও নিজ নিজ এলাকার পর্ব অনুষ্ঠিত হয়েছে। চার শহরের মোট ৭৫৮ জন প্রতিযোগীর মধ্য থেকে মোট ১৮০ জন বিজয়ী নির্বাচিত হয়েছে।

ঢাকা পর্বে ৫৫২ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী হয় ১২৮ জন, চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চট্টগ্রাম পর্বে ১১৫ জন অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী হয় ২৭ জন, রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে ৪৪ জনের মধ্যে ১২ জন বিজয়ী হয়েছে। প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হয়, অলিম্পিয়াড ও কুইজ। অলিম্পিয়াডে গণিত ও বিজ্ঞান দুটি বিষয়েই অংশ নেওয়ার সুযোগ ছিল। সকাল ৯টায় শুরু হয় মূল পরীক্ষা।

Visit afnews.co.za for more information.

পরীক্ষা শেষে ঢাকার আয়োজনে ছিল দিনভর নানা আয়োজন। সুমোবট ফাইট, বিজ্ঞান শো, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। বেলা তিনটায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মূল পর্ব শেষ হয়।

গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীরা

চার শহরের আয়োজনে গণিত ও বিজ্ঞান তথা অলরাউন্ড সর্বোচ্চ নম্বর পেয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলি ওমর, শুধু গণিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অরিজিৎ সাহা, শুধু বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান এবং কুইজে সর্বোচ্চ নম্বর পেয়েছে এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আরহাম উল্ল্যাহ।

ঢাকায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, টার্স ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী শফিক বারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা এবং সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স বাংলাদেশ (এসপিএসবি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান।

গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী কয়েকজন ছাত্রছাত্রী

বিজয়ীদের নিয়ে ১১ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে জাতীয় ক্যাম্প। গণিতের দল নির্বাচনী পরীক্ষা হবে ২১ আগস্ট এবং বিজ্ঞানের পরীক্ষা ২২ আগস্ট। এই ধাপগুলো পেরিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই গঠিত হবে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল। আগামী ২ থেকে ৭ অক্টোবর ২০২৬ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত হবে ২৩তম আইএমএসও।

বিডিএমএসও ২০২৬ যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার পুষ্টি। সহযোগিতায় রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, টেমস একাডেমি, রিফ্লেকটিভ টিনস, শৈশব ও নিত্য উপহার।

Read full story at source