ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি

· Prothom Alo

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের সাফল্য রয়েছে। পুলিশ সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চায়।

Visit somethingsdifferent.biz for more information.

শুক্রবার বিকেলে আইজিপি মো. আলী হোসেন ফকির ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আলী হোসেন ফকির বলেন, পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ ও মনের সুস্থতা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও বেশি কর্মক্ষম ও সক্ষম করে তোলে।

আইজিপি প্রতিযোগিতায় উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, নিষ্ঠার সঙ্গে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সিলেট রেঞ্জ ফুটবল দল এবং চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে এদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উভয় দল অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় সিলেট রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্যা ম্যাচ ও আমিরুল ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। আইজিপি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এর আগে আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় পিওএইচএস গ্রিন মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মার্টটি নির্মিত হচ্ছে।

Read full story at source