বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা কাল হচ্ছে না

· Prothom Alo

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) কাল শনিবার হচ্ছে না। বিভিন্ন বিষয়ে রিহ্যাবের পরিচালনা পর্ষদের একাংশের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এক মাসের জন্য এজিএম স্থগিতের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। এতে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২২ জুলাই পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া সংগঠনের তহবিল থেকে সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক যৌথ স্বাক্ষরে দুই কোটি টাকা উত্তোলন করেন।

Visit truewildslot.com for more information.

এ ছাড়া গত তিন মাসে তহবিল থেকে ৫০ লাখ টাকা ব্যয় করলেও পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন নেননি তাঁরা। সংগঠনের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের সুযোগ না দিয়ে নিজেদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীকে স্ট্যান্ডিং কমিটিতে নিয়োগ দিয়েছেন সভাপতি ও সিনিয়র সহসভাপতি। কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুত, রিহ্যাব কার্যালয়ের গোপন তথ্য ফাঁস, ক্রয়সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বাতিলসহ কয়েকটি অভিযোগ রয়েছে।

জানা যায়, রিহ্যাবের পর্ষদের একাংশের অভিযোগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল শুনানি করেন যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি সভাপতি আলী আফজাল, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি (অর্থ) মো. হারুন অর রশীদ। অভিযোগকারী ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাস, পরিচালক মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, মো. শাহ আলম, উম্মে জাহান, তাসনুভা মাহবুব সালাম প্রমুখ। সভায় যুগ্ম সচিব রিহ্যাব সভাপতিকে ১৫ দিনের মধ্যে অভিযোগকারী ব্যক্তিদের সঙ্গে আলাপ–আলোচনা করার পরামর্শ দেন।

শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্দেশনা দিয়ে বলেছে, রিহ্যাব থেকে পাওয়া অভিযোগের বিষয়ে ৩০ জুলাই (গতকাল বৃহস্পতিবার) শুনানি হয়েছে। শুনানিতে বিস্তারিত আলোচনা, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং প্রাপ্ত তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগের বিষয়ে পর্যবেক্ষণ সময়সাপেক্ষ হওয়ায় বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হলো।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর গতকালই রিহ্যাবের সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক এজিএম স্থগিত করার নির্দেশনা জারি করেন। কাল শনিবার (১ আগস্ট) ঢাকার হোটেল রেডিসন ব্লুতে এই এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএম স্থগিত হওয়ার কারণে আগামী ১২ থেকে ১৫ আগস্ট ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন আবাসন মেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে এমনটাই জানালেন রিহ্যাবের একজন কর্মকর্তা।

বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিহ্যাব পরিচালক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই সদস্যদের স্বার্থে গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে রিহ্যাব পরিচালিত হোক। বেশ কিছু ক্ষেত্রে সেটি না হওয়ার কারণে মূলত আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে যেতে বাধ্য হয়েছি।’

Read full story at source