ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গভীর করার বিরোধিতা, ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
· Prothom Alo

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা বার্ষিক প্রতিরক্ষানীতি–বিষয়ক একটি বিল নিয়ে বিতর্ক শুরু করার একটি প্রস্তাব (এনডিএএ) আটকে দিয়েছেন। তাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালানো ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি করার প্রস্তাবেরও বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটরা।
Visit afsport.lat for more information.
গতকাল মঙ্গলবার সিনেটে বার্ষিক প্রতিরক্ষানীতি–বিষয়ক বিল নিয়ে বিতর্ক শুরু করতে উত্থাপিত প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে প্রস্তাবটি ৫০-৪৬ ভোটে খারিজ হয়ে যায়। এর মধ্য দিয়ে কংগ্রেসে পাস হওয়ার আশায় থাকা অল্প কয়েকটি বিলের মধ্যে একটি বিরলভাবে ধাক্কা খেল।
বার্ষিক এই প্রতিরক্ষানীতি–বিষয়ক বিলের মাধ্যমে ট্রাম্পের প্রস্তাবিত ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের সামরিক বাজেটের বড় একটি অংশ অনুমোদনের কথা ছিল। তবে ১০০ সদস্যের সিনেটে বিতর্ক শুরু করতে প্রস্তাবটির পক্ষে অন্তত ৬০ ভোটের প্রয়োজন ছিল।
ডেমোক্র্যাটদের যুক্তি হলো, ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করছেন, তখন কংগ্রেসের এই বিল নিয়ে এগিয়ে যাওয়া উচিত নয়। দলের অনেক সদস্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বৃদ্ধির বিরোধিতা করেছেন। পাশাপাশি পেন্টাগনের জন্য প্রস্তাবিত রেকর্ড পরিমাণ বাজেট নিয়েও তাঁরা আপত্তি জানান।
সিনেটে ভোটাভুটির আগে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার দলীয় সদস্যদের বিলটির বিরোধিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এটি ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের তদারকি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ‘ছাড়পত্র’ দেবে।
কংগ্রেসের বাইরেও নাগরিক স্বাধীনতা, পররাষ্ট্রনীতি ও যুদ্ধবিরোধী ১৪টি সংগঠনের একটি জোট বিলটির বিরোধিতা করেছে। ট্রাম্পের চালানো ইরান যুদ্ধকে অননুমোদিত উল্লেখ করে তারা বলেছে, এ যুদ্ধে অর্থায়ন বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বার্ষিক প্রতিরক্ষানীতি–বিষয়ক বিলটি এগিয়ে নেওয়া উচিত নয়।
ডেমোক্র্যাটদের আপত্তি
ক্রিস ভ্যান হলেন, বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, এড মার্কি, জেফ মার্কলি, পিটার ওয়েলচসহ কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর গত সপ্তাহে সহকর্মীদের উদ্দেশে একটি চিঠি লেখেন। সেখানে তাঁরা সহকর্মীদের প্রতি আহ্বান জানান, বিতর্কের সুযোগ না দিয়ে যেন ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) এগিয়ে নেওয়া না হয়।
চিঠিতে তাঁরা লিখেছেন, ‘সিনেটের ডেমোক্র্যাট সদস্য হিসেবে আমাদের এমন কোনো ভোট দেওয়া উচিত নয়, যা ট্রাম্পকে নেতানিয়াহুর চরমপন্থী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করতে উৎসাহিত করবে।’
ভোটাভুটির আগে এক্সে প্রকাশিত এক ভিডিওতে সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, এই বিল পেন্টাগনের জন্য ‘অস্বাভাবিকভাবে বড়’ বাজেট অনুমোদনের পথ খুলে দেবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অবৈধ যুদ্ধের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করবে না।
ক্রিস ভ্যান আরও বলেন, বিলে ইসরায়েল-সংক্রান্ত এমন কিছু ধারা আছে, যেগুলো নিয়ে খুব কম আলোচনা হয়েছে এবং সেগুলো নীরবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
ডেমোক্র্যাট সিনেটরদের এ অবস্থান দলটির ভেতরে বড় ধরনের পরিবর্তনকে সামনে এনেছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমতে দেখা গেছে।
গত জুনে রয়টার্স/ইপসোস প্রকাশিত এক জরিপ অনুযায়ী, চলতি বছরের মে মাসে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব ২২ শতাংশে নেমে এসেছে। ২০১৮ সালে এ হার ৫৯ শতাংশ ছিল।