একটি মহলের অতি লোভের কারণে দেশে ইসলামি হুকুমত কায়েম হয়নি: চরমোনাই পীর

· Prothom Alo

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এ দেশের মানুষ ইসলামকে ভালোবাসে এবং ইসলামের আলোকে দেশ পরিচালনা চায়। কিন্তু একটি মহলের অতি ক্ষমতার লোভের কারণে দেশে ইসলামি শরিয়াহ তথা ইসলামি হুকুমত কায়েম হয়নি।

আজ রোববার বিকেলে পাবনার কাশীনাথপুরের একটি মাদ্রাসা মিলনায়তনে দলের জেলা মজলিসে শুরার অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এ কথাগুলো বলেন। দলটির পাবনা জেলা পূর্ব শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

Visit mchezo.co.za for more information.

কোনো দলের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘তারা আমেরিকা ও ভারতের অনুকম্পা পেতে নির্বাচনী ইশতেহার থেকে ইসলাম শব্দটি বাদ দিয়েছে এবং ইসলামি শরিয়াহর আলোকে দেশ পরিচালনা করবে না বলে তাদের আশ্বস্ত করেছে। যারা ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দেয়, তাদের সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে চরমোনাই পীর বলেন, দেশে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যাকবলিত অসহায় ও পানিবন্দী মানুষের সহায়তায় দলের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারকে ত্রাণ তৎপরতা ও পানিবন্দী মানুষকে উদ্ধারে আরও ব্যাপকভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ সব অপরাধ বন্ধে কোরআনের শাসনই একমাত্র সমাধান। স্বাধীনতাকে অর্থবহ ও শোষণ-বঞ্চনামুক্ত করতে হলে সর্বত্র আল্লাহর আইন কায়েম করতে হবে।

শুরা অধিবেশনে মাওলানা সোলাইমান জাহাঙ্গীরকে সভাপতি ও মো. রাশিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পাবনা জেলা পূর্ব শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির।

Read full story at source