সেই বিতর্কিত শো থেকে দক্ষিণি সিনেমা, নেটফ্লিক্সে কী দেখছেন বাংলাদেশের দর্শকেরা

· Prothom Alo

নেটফ্লিক্সে প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা, সিরিজ। এগুলোর মধ্যে কী দেখছেন দেশের দর্শকেরা। বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে এখন সবচেয়ে বেশি দেখা পাঁচ সিনেমা ও সিরিজ নিয়ে এ প্রতিবেদন।

সিনেমা
‘ব্লাস্ট’
দুর্বল ও নির্যাতিত মানুষের সুরক্ষায় সব সময়ই পাশে দাঁড়ায় একটি পরিবার। কিন্তু একসময় সেই পরিবারই এক শক্তিশালী অপরাধী চক্রের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এমন গল্প নিয়ে ‘ব্লাস্ট’। সুবাস কে রাজের তামিল অ্যাকশন-ড্রামা সিনেমটি গত ২৮ মে মুক্তির পরই সাড়া ফেলে। এবার ওটিটিতে মুক্তির পরও সেই ধারা অব্যাহত আছে। নেটফ্লিক্সের সিনেমার মধ্যে এ সপ্তাহে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা হচ্ছে এটি। পারিবারিক আবেগ, মার্শাল আর্ট আর টান টান অ্যাকশন একসঙ্গে মিশেছে। ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। বিশেষ করে দ্রুতগতির চিত্রনাট্য, পারিবারিক আবেগ ও অ্যাকশনের ভারসাম্য প্রশংসিত হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন অর্জুন সারজা, অভিরামি ও প্রীতি মুখুন্ধন।

Visit moryak.biz for more information.

‘ব্লাস্ট’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘এনোলা হোমস ৩’
তালিকার দুই রয়েছে ‘এনোলা হোমস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিটি। শার্লক হোমসের ছোট বোন এনোলাকে নিয়ে নেটফ্রিক্সের ফ্র্যাঞ্চাইজির একটা মূল সুর ছিল—সে চেষ্টা করে শার্লকের ছায়া থেকে বেরিয়ে ‘হোমস’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে। মাল্টার মনোরম প্রকৃতি ও জটিল রাজনীতির প্রেক্ষাপটে এগিয়েছে সিনেমাটির গল্প।
ছবির শুরুতেই দেখা যায়, তরুণ গোয়েন্দা এনোলা হোমস মাল্টায় গেছে তার প্রিয় মানুষ টিউকসবারিকে বিয়ে করতে। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায় যখন তার ভাই শার্লক হোমস রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।

বিয়ের অনুষ্ঠান ছেড়ে এনোলা ঝাঁপিয়ে পড়ে তদন্তে। অনুসন্ধান তাকে নিয়ে যায় চুরি হওয়া সোনা, দুর্নীতির জাল এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ভেতরে। ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক বন্ধন ও রাষ্ট্রীয় স্বার্থ—সবকিছুই এক রহস্যে জড়িয়ে পড়ে। ফিলিপ বারান্তিনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন, লুই পার্ট্রিজ, হেনরি ক্যাভিল, হেলেনা বনহ্যাম কার্টার, শ্যারন ডানকান ব্রুস্টার।

‘এনোলা হোমস ৩’ সিনেমায় মিলি ববি ব্রাউন। আইএমডিবি

‘ভূত বাংলা’
তালিকার তিনে রয়েছে প্রিয়দর্শন পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’। উত্তরবঙ্গের মঙ্গলপুর গ্রামে বিয়ের আগের রাতে গায়েব হয়ে যায় নববধূ। খোঁজ পাওয়া যায় না পরিবারের বহু সদস্যেরও। আর সেই গ্রামের সঙ্গেই নিবিড় যোগ অর্জুনের (অক্ষয়), রয়েছে পারিবারিক সূত্রে একটি রাজপ্রাসাদও। সেখানেই বোন মীরার বিয়ের বন্দোবস্ত করতে বদ্ধপরিকর অর্জুন। সেই লক্ষ্যে লন্ডন ছেড়ে অর্জুন মঙ্গলপুরে পা রাখার পর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প। মুক্তির পর খুব একটা ব্যবসা করতে পারেনি, সমালোচকদের প্রতিক্রিয়াও ইতিবাচক ছিল না। কিন্তু ওটিটিতে মুক্তির পর দেশি দর্শকেরা বেশ পছন্দ করেছেন সিনেমাটি।

এতে অক্ষয় ছাড়া আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, যীশু সেনগুপ্ত, মিথিলা পালকার, রাজপাল যাদব ও টাবু।

‘ভয়েসমেল ফ্রম ইসাবেল’
তালিকার চারে রয়েছে এই রোমান্টিক কমেডি সিনেমাটি। একটি ভয়েসমেল মানুষের জীবন কতটা বদলে দিতে পারে? কখনো কখনো একটি কণ্ঠস্বরই হয়ে উঠতে পারে অতীতের দরজা খুলে দেওয়ার চাবি। নেটফ্লিক্সের নতুন এ সিনেমা ঠিক এমনই একটি গল্প বলে, যেখানে একটি পুরোনো ভয়েসমেল ঘিরে শুরু হয় বহু বছর ধরে চাপা পড়ে থাকা সত্যের অনুসন্ধান।
লিয়া ম্যাককেন্ড্রিক পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নিক রবিনসন ও জোয়ি ডয়চ।

‘ভয়েসমেল ফ্রম ইসাবেল’ সিনেমার পোস্টার। আইএমডিবি

‘রাজা সাব’
তালিকার পাঁচে রয়েছে প্রভাস অভিনীত হরর-কমেডি সিনেমা ‘রাজা সাব’। গল্পের শুরুতে রাজু তার দাদি গঙ্গার সঙ্গে সাধারণ জীবন কাটায়। একদিন গঙ্গা তাকে বহু বছর ধরে নির্বাসিত তার দাদাকে বাড়ি ফিরিয়ে আনতে পাঠান। এ যাত্রাতেই রাজু জানতে পারে, তার পরিবার একসময় একটি সমৃদ্ধ রাজবংশের অংশ ছিল। ধীরে ধীরে প্রকাশ পায় অতীতের এক ভয়ংকর ঘটনা। মারুথি পরিচালিত সিনেমাটিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনন।
সিরিজ

‘লক আপ’
মিথ্যা বললে শাস্তি, সত্য বললেও ঝড়। ক্যামেরার সামনে ব্যক্তিগত জীবনের সবচেয়ে গোপন অধ্যায় প্রকাশ করতে হয় প্রতিযোগীদের। কেউ স্বীকার করেন বিবাহবহির্ভূত সম্পর্কের কথা, কেউ জানান যৌন নির্যাতনের অভিজ্ঞতা, কেউ আবার নিজের অপরাধ বা জীবনের অন্ধকারতম সিদ্ধান্তের কথা। এ কারণেই শুরু থেকেই বিতর্কের অন্য নাম হয়ে উঠেছে ভারতীয় রিয়েলিটি শো ‘লক আপ’। চার বছর বিরতির পর শুরু হয়েছে এর দ্বিতীয় মৌসুম। বাংলাদেশেও শীর্ষে রয়েছে আলোচিত-সমালোচিত শোটি।
‘লক আপ: সাচ ইয়া সাজা’র দ্বিতীয় মৌসুম এবার স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করছেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। প্রতিযোগীদের তালিকায় রয়েছেন অভিনেতা রাম কাপুর, ধীরাজ ধুপার, হর্ষদ চোপড়া, শিবাঙ্গী জোশি এবং রিয়েলিটি তারকা শ্রেয়া কালরা, যোগেশ রাওয়াত, আকাঙ্ক্ষা চৌধুরীসহ অনেকে। প্রতি শনি থেকে বুধবার রাত ৮টায় নেটফ্লিক্সে প্রকাশিত হচ্ছে নতুন পর্ব।

‘লক আপ’–এর পোস্টার থেকে। নেটফ্লিক্স

‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার ২’
তালিকার দুই রয়েছে আলোচিত সিরিজটির দ্বিতীয় কিস্তি। নেটফ্লিক্সের লাইভ-অ্যাকশন সিরিজটির প্রথম মৌসুম শেষ হয়েছিল উত্তরের জলজাতিকে রক্ষা করার মধ্য দিয়ে। কিন্তু সেটিই ছিল কেবল শুরু। দ্বিতীয় মৌসুমে গল্প আরও বিস্তৃত হয়েছে, বেড়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব এবং ফায়ার নেশনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি।

অ্যানিমেটেড সিরিজের দ্বিতীয় অধ্যায় ‘বুক টু: আর্থ’ অবলম্বনে নির্মিত এ মৌসুমে দর্শকদের নিয়ে যাওয়া হয়েছে আর্থ কিংডমের বিশাল ভূখণ্ডে, যেখানে অপেক্ষা করছে নতুন বন্ধু, শক্তিশালী শত্রু ও একাধিক চমক।
যাঁরা মূল অ্যানিমেটেড সিরিজের ভক্ত, তাঁদের জন্য এটি পরিচিত গল্পের নতুন রূপ। আর নতুন দর্শকদের জন্য এটি একসঙ্গে ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার, রাজনীতি, বন্ধুত্ব ও আত্ম-আবিষ্কারের কাহিনি।

‘এজেন্ট কিম রিঅ্যাকটিভেটেড’–এর দৃশ্য। আইএমডিবি

‘এজেন্ট কিম রিঅ্যাকটিভেটেড’
তালিকার তিনে রয়েছে কোরীয় অ্যাকশন থ্রিলার সিরিজটি। গত ২৬ জুন মুক্তি পাওয়া পাঁচ পর্বের সিরজিটি পরিচালনা করেছেন লি সিওয়ং-ইয়ং ও লি সো-ইয়ুন। অভিনয় করেছেন সো জি-সাব, চোই ডায়ে-হুন প্রমুখ।

সিরিজের কেন্দ্রীয় চরিত্র কিম দো-হিয়ন। বাইরে থেকে তিনি একজন সাধারণ কোম্পানি ম্যানেজার ও একক বাবা। কিন্তু তাঁর অতীত সম্পূর্ণ ভিন্ন—তিনি একসময় উত্তর কোরিয়ার ব্ল্যাক-অপস ইউনিটের সদস্য ছিলেন, পরে দ্বৈত গুপ্তচর হিসেবে কাজ করেন এবং নতুন পরিচয়ে স্বাভাবিক জীবন শুরু করেন।

বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে যৌন নির্যাতন, বাংলাদেশেও শীর্ষে সেই বিতর্কিত শো

কিম দো-হিয়নের জীবনের সবচেয়ে বড় সম্পদ একমাত্র মেয়ে মিন-জি। কিন্তু মিন-জি রহস্যজনকভাবে অপহৃত হলে কিম বুঝতে পারেন, অতীত তাঁকে ছেড়ে যায়নি। মেয়েকে উদ্ধার করতে তিনি আবারও ফেরেন পুরোনো পরিচয়ে। শুরু হয় এক নির্মম অভিযান, যেখানে তাঁকে একাই মোকাবিলা করতে হয় অপরাধী চক্র, ভাড়াটে ঘাতক এবং নিজের পুরোনো শত্রুদের। ধীরে ধীরে প্রকাশ পায় এমন এক ষড়যন্ত্র, যার শিকড় তাঁর অতীতের গোপন অভিযানের সঙ্গে জড়িত।

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’
মামলা হয়েছে, সমালোচনা হয়েছে, ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল পুরো শো। অনেকেই ধরে নিয়েছিলেন, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ আর ফিরবে না। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন চমক নিয়ে ফিরেছেন সময় রায়না। তাঁর জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ও ফিরেছে নতুন পরিচয়ে। এবার শুধু ইউটিউবেই নয়, নেটফ্লিক্স ও ইউটিউবে একযোগে প্রচারিত হচ্ছে দ্বিতীয় মৌসুম। পাশাপাশি কৌতুকশিল্পী সময় রায়নার জন্য আলাদা একটি কমেডি স্পেশালও নির্মাণ করছে নেটফ্লিক্স। এটি রয়েছে বাংলাদেশ থেকে তালিকার ৪ নম্বরে।

দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব ২০ জুন সন্ধ্যা ৭টায় নেটফ্লিক্স ও ইউটিউবে একযোগে মুক্তি পায়। ভারতীয় ডিজিটাল বিনোদনের ক্ষেত্রে এটিই প্রথম বড় আকারের সিমুলকাস্ট। অর্থাৎ একই সময়ে দুই প্ল্যাটফর্মে একই কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। এরপর প্রতি দুই সপ্তাহ অন্তর নতুন পর্ব মুক্তি পাবে। সময় রায়না ও তাঁর সহযোগী বলরাজ সিং জানিয়েছেন, দুই প্ল্যাটফর্মের সংস্করণের মধ্যে কোনো পার্থক্য থাকবে না; দর্শকেরা একই আনফিল্টারড (সম্পাদনা ছাড়া) কনটেন্ট দেখতে পারবেন।

‘টিচ ইউ আ লেসন’–এর দৃশ্য। নেটফ্লিক্স

‘টিচ ইউ আ লেসন’
মুক্তির আগেই ব্যাপক আলোচনায় ছিল নেটফ্লিক্স কোরিয়ার সিরিজ ‘টিচ ইউ আ লেসন’। সিরিজটিতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে গড়ে ওঠে একটি বিশেষ সংস্থা। অ্যাকশন ও সামাজিক বার্তার মিশেলে সিরিজটি নির্মিত হয়েছে। তবে মুক্তির পর সিরিজটি নিয়ে বিতর্কও হযেছে। বিতর্কের মূলে রয়েছে ওয়েবটুন ‘গেট স্কুলড’, ওয়েবটুনটি অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। ২০২০ সালে শুরু হওয়া এই ওয়েবটুন শুরু থেকেই বিতর্কে জড়ায়। এতে এক কৃষ্ণাঙ্গ মিশ্র-জাতির শিক্ষার্থীকে সহিংস চরিত্র হিসেবে দেখানো হয়, ওয়েবটুনের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তোলেন সমালোচকেরা।

পাশাপাশি বিভিন্ন গল্পে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের শারীরিকভাবে শাস্তি দেওয়া ও প্রকাশ্যে অপমান করার দৃশ্য থাকায় এটিকে সহিংসতা ও শারীরিক শাস্তিকে উৎসাহিত করার অভিযোগও করা হয়। ২০২৩ সালে তীব্র সমালোচনার মুখে ওয়েবটুনটি নেভারের উত্তর আমেরিকান প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। তবে দক্ষিণ কোরিয়ায় এটি তখনো চালু ছিল। এই বিতর্কিত উপাদান থাকা সত্ত্বেও ওয়েবটুন সিরিজ নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে পরিচালক হং জং-চ্যান বলেন, তিনি মূল কাজটির বিতর্ক সম্পর্কে সচেতন ছিলেন। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র না হোয়া-জিনের ভূমিকায় অভিনয় করেছেন কিম মু-ইয়ল।
আলোচিত-সমালোচিত সিরিজটি রয়েছে তালিকার পাঁচে।

নেটফ্লিক্স ও আইএমডিবি অবলম্বনে

Read full story at source