শত্রুতার জেরে মোটরসাইকেল আরোহীকে ইট ছুড়ে মারা হয়, গ্রেপ্তার ২: পুলিশ

· Prothom Alo

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় মোটরসাইকেল আরোহীকে ইট ছুড়ে মেরে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Visit afrikasportnews.co.za for more information.

গতকাল বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইট মেরে আহত করার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছিল।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টা ২০ মিনিটে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া হাজী আশরাফ আলী হাইস্কুলের কাছে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন রাফি নামের এক যুবক। এ সময় কয়েকজন তাঁর গতিরোধের চেষ্টা করেন। মোটরসাইকেল না থামালে পারভেজ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। এতে তাঁর মাথার ডান পাশে আঘাত লাগে। এতে রাফি মোটরসাইকেলসহ সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরাই একটি অটোরিকশায় রাফিকে ঘটনাস্থল থেকে নিয়ে যান।

ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

পুলিশ কর্মকর্তা মোস্তাক সরকার আরও বলেন, মামলার তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করা হয়। তাঁরা হলেন পারভেজ, ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন বাবু ও আমিন।

ঘটনাস্থলের কাছ থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারভেজ ও তাঁর সহযোগী ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে রাফির সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পারভেজ ও ফয়সালের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

Read full story at source