যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে নড়াইলে সিপিবির বিক্ষোভ

· Prothom Alo

অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার বিকেলে শহরের মুচিরপোল এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সিপিবির নড়াইল জেলা শাখা আয়োজিত কর্মসূচিতে দলটির নেতা–কর্মীরা লাল পতাকা হাতে অংশ নেন।

Visit newssport.cv for more information.

সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশিদ, জেলা কমিটির সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, জেলা যুব ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

এস এ রশিদ বলেন, ‘আমরা ধরে নিয়েছি, জাতীয় সংসদে এটা নিয়ে কথা হচ্ছে না এই কারণে যে বিএনপি চুক্তি সম্পর্কে জানে, বিএনপি সায় দিয়েছে। কারণ, বিএনপি ক্ষমতায় এসেছে আমেরিকার সঙ্গে আঁতাত করে। জামায়াত ও এনসিপি তার সঙ্গে ছিল। এই গোলামির চুক্তি বাতিল না করলে বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যচুক্তি হয়েছে, তা দেশবিরোধী এবং একটি অসম বাণিজ্যচুক্তি বলে অভিযোগ করেন সিপিবির নেতারা। জেলা সিপিবির সভাপতি বরকত উল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র–বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র তিন দিন আগে করে গেছেন। সেই চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক সুফলকে চরমভাবে বিনষ্ট করা হয়েছে। এই চুক্তি সম্পূর্ণ মার্কিন সাম্রাজ্যবাদের অনুকূলে করা একটি চুক্তি।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীত রাজবংশী, সাবেক সাধারণ সম্পাদক অঞ্জন রায়, জেলা কমিটির সদস্য প্রবীর রায়, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সুলতান প্রমুখ।

Read full story at source