২৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধের পর পতাকা বৈঠক
· Prothom Alo

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যদের প্রতিরোধের মুখে তাঁরা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকতে পারেননি। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বৃহস্পতিবার বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
Visit sportbet.reviews for more information.
বাঙ্গাবাড়ি সীমান্তে ওই পতাকা বৈঠকে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বিষয়টি সমাধান করবে বলে বিজিবিকে জানিয়েছে। পতাকা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবির অধিনায়ক বলেন, এর আগে গত বুধবার ভোররাতে বিএসএফ সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেন। কিন্তু বিজিবির বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু। তাঁরা সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন।
বিজিবির অধিনায়ক জানান, কোনো অবস্থাতেই ওই ২৮ জনকে বাংলাদেশ ভূখণ্ডে আসতে দেওয়া হবে না। সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনের ঘটনা জনগণকে নিয়ে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। আরিফুল ইসলাম বলেন, বাঙ্গাবাড়ি সীমান্তের কিছু এলাকা দিয়ে পুশইন করা সহজ, সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে বিএসএফ। তবে এরই মধ্যে বিজিবিও সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে বিজিবির টহলসহ অন্যান্য নজরদারি বাড়ানো হয়েছে।