সোনার দাম কমেছে ভরিতে ২,১৫৮ টাকা
· Prothom Alo
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। এ দফায় দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
আজ শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। নতুন এ দাম আজ সকাল থেকে কার্যকর হয়।
Visit freshyourfeel.com for more information.
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমায় ভরিপ্রতি সোনার দামও কমানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারে সমন্বয় করা হয়। গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বেড়েছিল। আজ একই পরিমাণ দাম কমেছে।
আজ সকালে নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা হয়েছে।
দাম বাড়ার আগে গতকাল রাত পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা ছিল।
সে হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেটে ২ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা দাম কমেছে।
আজ সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।