চাঁদা না পেয়ে অটোরিকশাচালককে হত্যা, সোনারগাঁয়ে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ
· Prothom Alo

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুমিনুল মিয়া নামের এক অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও স্বজনেরা। বুধবার সকাল সাড়ে দশটার দিকে দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় চট্টগ্রামমুখী লেনে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
Visit sport-tr.bet for more information.
গত রোববার বিকেলে শাহিন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে চাঁদা না পেয়ে অটোরিকশার চালক মুমিনুল মিয়াকে কিল ঘুষি দিয়ে আঘাত করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তিনি মারা যান।
নিহত মুমিনুল মিয়া সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে তাঁর সংসার। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্ত শাহিন মিয়া প্রতিদিন বিভিন্ন অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা তোলেন। রোববার বিকেলে মুমিনুল মিয়া অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে যান। তখন শাহিন মিয়া তাঁর কাছে ১০ টাকা চাঁদা নেন। শাহিন পুনরায় তাঁর কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে শাহিন মিয়া অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে মারধর করেন। এতে মুমিনুল অসুস্থ হয়ে পড়েন। আজ সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে এলাকায় লাশ আনা হয়। এ সময় মহাসড়কে লাশবাহী অ্যাম্বুলেন্স রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনেরা।
নিহত মুমিনুলের স্ত্রী রিনা বেগম বলেন, ১০ টাকা চাঁদার জন্য তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দুই ছেলেকে নিয়ে নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা ভেবে পাচ্ছেন না।
চাঁদাবাজি ও মারধরের ঘটনায় সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন নিহত ব্যক্তির বড় ভাই মোবারক হোসেন। এতে শাহিন মিয়াকে আসামি করা হয়। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছিল। এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।