চালকের ‘ধাক্কায়’ অটোরিকশা থেকে ছিটকে পড়েন, চিকিৎসাধীন পুলিশ সদস্যের মৃত্যু

· Prothom Alo

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত এক পুলিশ সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল কুদ্দুস (৫৫)। তিনি নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Visit extonnews.click for more information.

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন আবদুল কুদ্দুস। এরপর তিনি সেটি চালকের সহায়তায় মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন। অটোরিকশাটি নিয়ে যাওয়ার পথে চালক হঠাৎ পুলিশ সদস্য আবদুল কুদ্দুসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে আবদুল কুদ্দুসের। তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, অটোরিকশাচালকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন পুলিশ সদস্য আবদুল কুদ্দুস। আহত অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

ওয়াহিদুল হক চৌধুরী আরও বলেন, পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনায় ওই দিনই পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অটোরিকশাচালক আবদুল জলিলকেও তখন গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

Read full story at source