স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করা মামলায় হেরে গেলেন ইলন মাস্ক

· Prothom Alo

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলায় হেরে গেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের একটি ফেডারেল আদালতের জুরিবোর্ড সর্বসম্মতভাবে রায় দিয়েছেন, মামলা করতে অনেক বেশি দেরি করে ফেলেছেন ইলন মাস্ক। ৯ সদস্যের জুরিবোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে মাস্কের মামলাটি সরাসরি খারিজ করে দেন বিচারক ইভন গঞ্জালেজ রজার্স।

Visit tr-sport.bond for more information.

২০১৫ সালে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। শুরুর বছরগুলোতে ওপেনএআইকে অলাভজনক হিসেবে গড়ে তুলতে তিনি ব্যক্তিগতভাবে ৩ কোটি ৮০ লাখ ডলার অর্থায়ন করেছিলেন। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি স্যাম অল্টম্যান, ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের বিরুদ্ধে মামলা করেন। মাস্কের অভিযোগ ছিল, অল্টম্যান ও ব্রকম্যান একটি দাতব্য সংস্থাকে চুরি করেছেন। সেটিকে একটি লাভজনক ব্যবসায়িক কাঠামোতে রূপান্তর করে নিজেরা অন্যায়ভাবে লাভবান হয়েছেন।

চলতি মাসের শুরুতে আদালতে দেওয়া এক জবানবন্দিতে আক্ষেপ করে ইলন মাস্ক বলেন, ‘আমি বোকা ছিলাম। একটি স্টার্টআপ তৈরি করার জন্য আমি ওদের বিনা মূল্যে তহবিল জুগিয়েছিলাম।’ ওপেনএআইয়ের লাভজনক শাখা থেকে ১৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ পুনরায় অলাভজনক শাখায় ফেরত দেওয়ার পাশাপাশি স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানের পদত্যাগ এবং ওপেনএআইয়ের বর্তমান কর্পোরেট কাঠামো পুরোপুরি ভেঙে দিতে এই মামলা করেছিলেন ইলন মাস্ক।

মামলার শুনানিতে ওপেনএআইয়ের আইনজীবীরা যুক্তি দেখান, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যে কোনো পরিবর্তন আসেনি। এটি এখনো একটি অলাভজনক ফাউন্ডেশন বোর্ড দ্বারাই পরিচালিত হচ্ছে। তাঁরা আরও দাবি করেন, মাস্ক আসলে ওপেনএআইয়ের ক্ষতি করার উদ্দেশ্যেই এই মামলা করেছেন। কারণ, তিনি এক্সএআই নামের একটি প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান গড়ে তোলার পর এই মামলা করেছেন।

জানা গেছে, ওপেনএআইয়ের লাভজনক কাঠামোতে যাওয়ার বিষয়টি ২০২১ সালের আগেই মাস্কের জানা ছিল। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, দাতব্য ট্রাস্ট ভঙ্গের এই ধরনের মামলা করার সময়সীমা সর্বোচ্চ তিন বছর। মাস্ক ২০২৪ সালে মামলা করায় সেই সময়সীমা পার হয়ে গেছে। রায়ের পর ওপেনএআইয়ের প্রধান আইনজীবী উইলিয়াম স্যাভিট বলেন, ওপেনএআই একটি অলাভজনক এবং লক্ষ্যচালিত সংস্থা, যা সব সময় তার মূল লক্ষ্যের প্রতি অনুগত ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

ওপেনএআইতে বড় অঙ্কের বিনিয়োগ থাকায় এই মামলায় মাইক্রোসফটকেও বিবাদীপক্ষ করা হয়েছিল। রায়ের পর মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘এই মামলার তথ্য ও সময়রেখা দীর্ঘদিন ধরেই স্পষ্ট ছিল। মামলাটি সময় পার হয়ে যাওয়ার কারণে খারিজ করার জুরি বোর্ডের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’

রায় ঘোষণার পরপরই নিজের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্সে (এক্সে) ইলন মাস্ক লেখেন, বিচারক একটি ভীষণ খারাপ নজির তৈরি করেছেন। বিচারক এবং জুরি বোর্ড আসলে মামলার মূল বিষয়ের ওপর কোনো রায় দেননি, তাঁরা কেবল ক্যালেন্ডারের কারিগরি নিয়মের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন। যারাঁ পুরো মামলাটি বিশদভাবে দেখেছেন, তাঁদের কাছে কোনো সন্দেহ নেই, অল্টম্যান ও ব্রকম্যান একটি দাতব্য সংস্থা চুরি করে নিজেদের সমৃদ্ধ করেছেন।

সূত্র: সিএনএন

Read full story at source