খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ পুলিশ সদস্য নিহত
· Prothom Alo
কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। সম্রাট বিশ্বাসের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান।
Visit esporist.org for more information.
পুলিশ সুপার বলেন, আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, সম্রাট বিশ্বাস একজন ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন। তবে এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু জানাননি।
মাঈনুল হাসান আরও বলেন, নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা এলে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।