এই কার্ড কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে: কৃষিমন্ত্রী
· Prothom Alo

কৃষি কার্ড দেশের কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১ হাজার ৪৫৮ কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়েই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনিও মরহুম জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তাঁদের সেই আদর্শ ও বিশ্বাস ধারণ করেন যে—‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’। বর্তমান সরকার কৃষিপ্রেমী সরকার। যার সবচেয়ে বড় উদাহরণ এই কৃষি কার্ড। এই কার্ড দেশের কৃষি খাতকে আরও স্বাবলম্বী করে তুলবে এবং কৃষকের সম্মান ও অধিকার নিশ্চিত করবে। কার্ডের মাধ্যমে কৃষকেরা দ্রুত ও সরাসরি সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন। এই কার্ড দেশের কৃষি খাতকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে।
Visit extonnews.click for more information.
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ব্যাংক হিসাবে বছরে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি প্রণোদনা পাঠানো হবে। মোট ৫টি শ্রেণিতে (ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড়) এই কার্ড দেওয়া হলেও নগদ প্রণোদনা বা টাকা পাচ্ছেন মূলত ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা। তবে কার্ডধারী কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচসুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও বিমা সুবিধা পাবেন। পর্যায়ক্রমে তিন ধাপে প্রাক্-পাইলটিং, পাইলটিং ও দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ৩১ দফার মধ্যে কৃষি কার্ডের কথা ছিল। অনেকে সমালোচনা করেছিলেন যে নির্বাচনের পর এটি কার্যকর হবে না। কিন্তু ভোটের কালির দাগ মোছার আগেই সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের প্রচলন শুরু করে। এখন কৃষি কার্ড বিতরণ করে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার।’ তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া কৃষিঋণ মওকুফ ও সারের ভর্তুকি দেওয়া শুরু করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও ক্ষমতায় আসার পরপরই কৃষকদের স্বার্থে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছেন। কারণ, আমরা বিশ্বাস করি, এ দেশের ৭০ শতাংশ মানুষ কৃষক, আর তাঁদের অর্থনীতি চাঙা হলেই দেশের অর্থনীতি চাঙা হবে। এই কার্ডের মাধ্যমে অনেক সুযোগ-সুবিধা পাবেন কৃষকেরা। তাই কার্ডটি যত্ন করে রাখবেন।’
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কৃষকের ওপর অন্যায় করে এখন আর কেউ পার পাবে না। এ দেশ ১২ মাসের ফসলের দেশ; কৃষি শক্তিশালী হলে আমাদের আর কারও কাছে ভিক্ষা করার বা ঋণের জন্য হাত পাতার প্রয়োজন হবে না।’
অনুষ্ঠানে কৃষি কার্ড পেয়ে স্থানীয় গাজীপুর গ্রামের কিষানি সালমা আক্তার বলেন, ‘আমার ঘাম আর পরিশ্রমের একটা মূল্য আছে। আমি শুধু একজন গৃহিণী না, আমি দেশের খাদ্য উৎপাদনকারী একজন কৃষক। এই কার্ড যেন আমার পরিচয়পত্র হয়।’
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু), জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া প্রমুখ।