‘এনার্জিতে এখন হাহাকার, তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই’
· Prothom Alo

জ্বালানি তেলের সংকটের কথা তুলে ধরতে গিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এনার্জিতে (জ্বালানি তেল) এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার (দায়িত্বশীল মন্ত্রী) কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের ওপর বাংলাদেশ ভাসছে।’
আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সেমিনারে শফিকুর রহমান এ কথা বলেন। ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানিসংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক এ টি এম মাহবুব ই ইলাহী।
Visit newsbetting.club for more information.
সেমিনারে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, গাড়ি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, কিলোমিটারের পর কিলোমিটার লাইনে দাঁড়িয়েও মানুষ তেল পাচ্ছে না। কিন্তু কালোবাজারে আড়াই-তিন গুণ বেশি দামে সেই তেল বিক্রি হচ্ছে। তবে মাঝেমধ্যে কিছু লোকদেখানো অভিযান চালানো হচ্ছে। সিন্ডিকেটের খুঁটির জোরে এসব হচ্ছে।
জ্বালানিসংকট মোকাবিলায় সরকারকে পরামর্শ দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন থামলেও এর প্রভাব কয়েক মাস চলবে। এ অবস্থায় সরকারের উচিত পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলা। তিনি বলেন, ন্যূনতম ৬০ থেকে ৯০ দিনের মজুত নিশ্চিত করতে হবে। সিন্ডিকেট ভেঙে দিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিকল্প জ্বালানি উৎপাদনে এগোতে হবে। তা না করে একই সিন্ডিকেটের পথে হাঁটতে চাইলে বিরোধী দল সব শক্তি দিয়ে সেই পথে বাধা হয়ে দাঁড়াবে।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশে ব্লু ইকোনমি নিয়ে অনেক আলোচনা হলেও বাস্তবে এ খাতে সম্ভাবনার খুব সামান্য অংশই কাজে লাগানো যাচ্ছে। সমুদ্রে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সেগুলো উত্তোলনে বাংলাদেশ এগোতে পারেনি। এ ক্ষেত্রে স্বাধীন দেশের উপযোগী স্বাধীন মানসিকতার অভাব রয়েছে।
দেশের বড় বড় সিন্ডিকেটের পেছনে অতীতের মতো বর্তমানেও ক্ষমতাসীনদের হাত রয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, উন্নত দেশগুলো তরল ও গ্যাসভিত্তিক জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে একদিকে পরিবেশদূষণ থেকে রক্ষা পাচ্ছে, অন্যদিকে পরনির্ভরশীলতা কমাচ্ছে। বাংলাদেশে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। এখানেও ঘুরেফিরে রাজনৈতিক সিন্ডিকেট রয়েছে।
ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘ব্যাংকিং খাত তো একেবারেই লুটেপুটে খেয়েদেয়ে হজম করে শেষ করে দেওয়ার উপক্রম হয়েছে। এগুলোকে চেক দেওয়ার জন্য সংসদে গত সরকারের কতগুলো অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল এগুলো পাস করা, ট্রান্সপারেন্সির জন্য। বিশেষ করে দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন যেটা। কিন্তু এটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মতলব হচ্ছে, দেশ চলবে আগের কায়দায়।’
‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানিসংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। কেআইবি মিলনায়তন, ঢাকা। ১১ এপ্রিলবিএনপি সরকারকে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিতে বলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘পাপ তো বাপকেও ছাড়ে না। ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। তখন আর এই ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) লুকিং গ্লাস অথবা স্পেক্টেকল থাকে না, তখন স্টিলের গ্লাস পড়ে যায়। এ জন্য সমাজকে আর দেখে না। আসুন, আমরা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে সমাজটাকে দেখি, মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি।’
কৃষির বিপর্যয় মানেই দেশের বিপর্যয়—এমন মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটি ভুললে চলবে না। কোনো বিদেশি ঋণের সহায়তা নিয়ে জাতিকে কোমর সোজা করে দাঁড় করানো যাবে না।
জনগণের করের টাকায় পরিচালিত সংসদে জনস্বার্থের বাইরে গিয়ে তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করার অধিকার কারও নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আমি বলব না যে সব আশাই বিফলে যাচ্ছে। তবে এখন পর্যন্ত খুব ভালো কিছু করা সম্ভব হয়নি। যদিও এক মাস, দেড় মাসের এই শিশু (সংসদ), হয়তো সামনে আরও ভালো কিছু আশা করি। আল্লাহ ভালো জানেন। কিন্তু এখন পর্যন্ত ভালো কিছু এখান থেকে ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি।’
শ্রমিকদের চাহিদা পূরণ হয় না
সেমিনারে বক্তব্যের পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির। সেখানে তিনি বলেন, রাষ্ট্রের কাছে শ্রমিক সমাজের প্রত্যাশা খুব বেশি না হলেও সেই সামান্য চাহিদা কোনো সরকার পূরণ করতে পারেনি। এর কারণ, যাঁরা রাষ্ট্র ব্যবস্থাপনায় যান, তাঁরা শ্রমিকদের অঙ্গ থেকে উঠে আসেননি। তাঁরা সোনার চামচ নিয়ে জন্ম নেওয়ায় শ্রমিকদের দুঃখ বোঝেন না।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির মুজিবুর রহমান, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন প্রমুখ।
সম্মেলনের একপর্যায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, আগামী তিন বছরের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হয়েছেন আতিকুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন লস্কর মোহাম্মদ তাসলিম।
এ ছাড়া সম্মেলনে ১৯ দফা প্রস্তাব পেশ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান।