হাতীবান্ধায় হাতকড়া পরে পালানো আসামিকে আবার গ্রেপ্তার

· Prothom Alo

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া এক আসামিকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতভর অভিযানের পর আজ বৃহস্পতিবার সকালে হাতীবান্ধার সিঙ্গীমারীর ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলাম (২৭)। তিনি হাতীবান্ধার দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা। গতকাল বুধবার সন্ধ্যায় চুরির মামলায় গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে গিয়েছিলেন।

Visit asg-reflektory.pl for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হাতীবান্ধার সিঙ্গীমারীর ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গড্ডিমারী এলাকার ফারুক হোসেনের বাড়িতে আসবাবপত্র চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ওই বাড়ির সিসিটিভি ক্যামেরা ফুটেজ যাচাই-বাছাই করে মনিরুজ্জামানকে শনাক্ত করা হয়। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান চুরির কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল উদ্ধারের জন্য তাঁকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। পথে সুযোগ বুঝে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যান।

হাতকড়া পরা অবস্থায় আসামি পালিয়ে যাওয়ার পরপরই তাঁকে ধরতে তৎপর হয় পুলিশ। বুধবার রাতেই হাতীবান্ধার বিভিন্ন স্থানে একাধিক দলে বিভক্ত হয়ে অভিযান শুরু করে পুলিশ। রাতভর অভিযানের পর আজ সকালে হাতীবান্ধার সিঙ্গীমারীর ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকেই তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী প্রথম আলোকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে চোরাই পণ্য উদ্ধারে যাওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যায়। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সকালে তাঁকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। পাশাপাশি পুলিশ হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালানোর অপরাধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Read full story at source