ফুলের নাম অরেঞ্জ বার্ড
· Prothom Alo
লিখতে গিয়েই মহাদেব সাহার একটি কবিতার কয়েকটা লাইন মনে ভেসে উঠছে, ‘প্রিয়তমা, তোমাকে কী বলে ডাকি?/ মা? মাতৃভূমি?/ নাকি অন্য কোনো নামে?/ যে নামে ডাকলে তুমি/ আসবে আমার কাছে/ ছুঁয়ে যাবে আমার হৃদয়?/ আমি তো পারিনি/ তোমাকে চিনতে,/ বুঝতে তোমার ভাষা।’
গত বছর এপ্রিলের ৪ তারিখে খুলনার বয়রায় জঙ্গল নার্সারি অ্যাগ্রিকালচার সেন্টারে ঢুকতেই চোখে পড়েছিল একটি ফুল, কখনো এ রকম ফুল দেখিনি। সে ফুলের একেকটা পাপড়ি একেক রকম। কখনো মনে হচ্ছে ওটা একটা পাখি, কখনো মনে হচ্ছে গনগনে লাভার গলিত স্রোতে বা আগুনের শিখা। এ জন্য এর নাম ‘লাভা ফ্লাওয়ার্স’। খুব ভালো করে লক্ষ করলে আবার দেখা যায় আনাড়ি খাদকের মুখে ব্ল্যাকবেরির জ্যাম দিয়ে পাউরুটি খাওয়ার সময় যেমন প্রায়শই তার খানিকটা মুখে লেগে থাকে, সে রকম ফুলটির মুখের কাছে থাকা চকচকে কালো দাগের কারণে এর নাম হয়েছে ‘জ্যামি মাউথ’। আবার দুটি খাড়া পাপড়িকে দেখে মনে হলো, একটা খরগোশ যেন তার দুটি সাবধানী কান উঁচিয়ে রেখেছে—এ জন্য নাম ‘র্যাবিট ইয়ার্স’। আগুনে-কমলা রঙের ফুল আর দেখতেও উড়ন্ত পাখির মতো, তাই এর ইংরেজি নাম ‘অরেঞ্জ বার্ড’। হামিং বার্ড ও সান বার্ড এ ফুলের মধু খেতে আসে। নাম তাই ‘হামিং বার্ড প্ল্যান্ট’। এত নামের ভিড়ে তাই এ উদ্ভিদকে কোন নামে যে ডাকি, ভেবে পাই না। ওর যদি একটা মিষ্টি বাংলা নাম থাকত!
Visit freshyourfeel.org for more information.
অ্যাকান্থেসি গোত্রের এ উদ্ভিদের প্রজাতিগত নাম Ruttya fruticose। এ নামের প্রথমাংশ রাটিয়ার নামকরণ করা হয়েছে ইংরেজ চিকিৎসক ও আইরিশ প্রকৃতিবিদ ড. জন রাটির (১৬৯৭-১৭৭৫) নামে। প্রজাতিগত নামের শেষাংশ ‘ফ্রুটিকোসা’ লাতিন ভাষা থেকে উদ্ভূত, যার অর্থ ‘ঝোপালো’। উদ্ভিদটির বৃদ্ধির ধরনটা ঝোপালো বলেই এর এরূপ নামকরণ।
এটি একটি চিরসবুজ বা আধা-পত্রঝরা প্রকৃতির গুল্ম প্রকৃতির দ্রুতবর্ধনশীল উদ্ভিদ, যা ৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর বাকল রুপালি বা ধূসর-বাদামি রঙের, মসৃণ এবং তাতে কয়েকটি ছোট ছোট গুটি থাকে। কাণ্ড থেকে অনেক শাখা-প্রশাখা বের হয়। সেগুলো এলোমেলোভাবে বাড়তে থাকে, কখনো কখনো কোনো কোনো শাখা লতানে স্বভাব দেখায়। সব মিলিয়ে উদ্ভিদটি শেষে বেশ ঝোপালো রূপ ধরে। শাখা-প্রশাখায় পাতাগুলো বিপরীতমুখীভাবে জন্মে। পাতা সরল, ডিম্বাকার থেকে উপবৃত্তাকার, ৬ থেকে ১০ সেন্টিমিটার লম্বা, কিনারা মসৃণ বা অখণ্ডিত, অগ্রভাগ সুচালো থেকে কিছুটা ভোঁতা। পাতাগুলো চকচকে, ওপরের পিঠ গাঢ় সবুজ ও নিচের পিঠ ফ্যাকাশে সবুজ, সঙ্গে একটি ছোট বোঁটা থাকে।
শাখার আগায় কয়েকটি ফুল গুচ্ছাকারে ফোটে। একটি গুচ্ছে পাঁচটি পর্যন্ত ফুল থাকে। ফুলগুলো নলাকার, ফুলের পাপড়িগুলো দ্বিপ্রতিসম। এগুলোর মধ্যে দুটি পাপড়ি বেশ লম্বা ও দেখতে কিছুটা ঠোঁটের মতো। প্রায় ৫ থেকে ৭ সেন্টিমিটার লম্বা, রং উজ্জ্বল কমলা বা হলদে-কমলা, একটি পাপড়ির গলা বা গোড়ার দিকটা গাঢ় মেরুণ বা কালো বিন্দুবৎ দাগযুক্ত। ফুলের ওপরের ঠোঁটের মতো দুটি পাপড়ি ও নিচে ঠোঁটের মতো তিনটি খণ্ড থাকে। নিচের ঠোঁটের মাঝের খণ্ডটি নিচের দিকে এবং সামনের দিকে বাঁকানো থাকে। সুন্দর ফুলগুলো মধুতে ভরপুর ও তা থেকে মধু ঝরে পড়ে। অনেকে এর ফুল ছিঁড়ে মিষ্টি মধু চুষে খান। প্রায় সারা বছরই ফুল ফোটে, তবে প্রধানত বসন্ত, গ্রীষ্ম ও শরৎকালে বেশি ফোটে। ফুলের কোনো সৌরভ নেই, কিন্তু বৈচিত্র্যপূর্ণ রূপ আছে।
ফল ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার বাদামি ক্যাপসুল। ফল পাকলে ফেটে বীজ দূরে ছড়িয়ে পড়ে। প্রতিটি ফলের ভেতরে চারটি বীজ থাকে। বীজ থেকে চারা হয়। বসন্ত বা গ্রীষ্মের শুরুতে এর বয়স্ক কাণ্ড কেটে কলম করে চারা তৈরি করা যায়। বীজের গাছে ফুল ফুটতে তিন থেকে চার বছর সময় লাগে, কিন্তু শাখা কলমের গাছে পরের বছরই ফুল ফোটে। এই উদ্ভিদ কষ্টসহিষ্ণু, কম যত্নেও গাছ বেঁচে থাকে। যেকোনো বাগানে বৈচিত্র্য আনে।
এ উদ্ভিদের আদিনিবাস উত্তর–পূর্ব ও পূর্ব ক্রান্তীয় আফ্রিকা অঞ্চল, বিশেষ করে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা, জিবুতি, ওমান ও ইয়েমেন।
মৃত্যুঞ্জয় রায়: কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক