আমানত বেড়েছে ৫২ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা
· Prothom Alo

রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ।
রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সে তুলনায় ঋণ বিতরণ হচ্ছে অনেক কম। এক বছরে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫০০ কোটি টাকা। ফলে ব্যাংকগুলোয় আমানতের তুলনায় ঋণের অনুপাত (এডিআর) বেশ কমেছে।
Visit esporist.org for more information.
শুধু তা-ই নয়, ছয় ব্যাংকের চারটিই এখন বড় অঙ্কের মূলধনঘাটতিতে রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে কম সুদের আমানত সংগ্রহ, ঋণের গুণগত মান উন্নয়ন এবং খেলাপি ঋণ নির্ধারিত সময়ের মধ্যে আদায়ের পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে ১৮ নভেম্বর ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেলাল আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, বেসিক ব্যাংকসরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে নিকট ভবিষ্যতে ঋণের চাহিদা বাড়বে। তখন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও বাড়বে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের গতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।ব্যাংকের প্রধান কাজ আমানত সংগ্রহ করে সেই বিভিন্ন অর্থ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দেওয়া। ঋণ থেকে পাওয়া সুদ ব্যাংকের আয়ের অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে ঋণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগে অর্থের জোগান তৈরি হয়। কিন্তু রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংক এ ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারছে না বলে বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নিয়েও আলোচনা হয়। জানানো হয়, গত সেপ্টেম্বর পর্যন্ত ঋণে প্রবৃদ্ধি কমে হয়েছে ৪ দশমিক ১৭ শতাংশ, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। এ নিয়ে টানা সাত মাস বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে।
ব্যাংকাররা বলছেন, ঋণ নেওয়ার চাহিদা কম থাকায় ব্যাংকগুলো চাইলেও ঋণ দিতে পারছে না। আবার কাগজপত্র যথাযথভাবে যাচাই না করে আগের সরকারের সময়ের মতো ঢালাও ঋণ দিতেও চায় না তারা।
বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়, আমানতের তুলনায় ঋণ বিতরণে বড় ব্যবধান থাকলে ব্যাংকের আয় ও অর্থনীতিতে অর্থের প্রবাহ—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে। জানানো হয়, এক বছরে ছয় ব্যাংকের আমানত ১১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। অথচ ঋণ বেড়েছে মাত্র ১ দশমিক ৬ শতাংশ।
ছয় ব্যাংকের সম্মিলিত মূলধনঘাটতি ১ লাখ ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা। এর মধ্যে শুধু জনতা ব্যাংকেরই মূলধনঘাটতি ৬৬ হাজার ৮১১ কোটি টাকা। তবে সোনালী ব্যাংকের ১ হাজার ১২৭ কোটি এবং বিডিবিএলের ৪১৮ কোটি টাকা মূলধন উদ্বৃত্ত রয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, মূলধনঘাটতি পূরণই একমাত্র সমাধান নয়। অতীতে ঋণ বিতরণে যেসব দুর্বলতা ও অনিয়মের কারণে খেলাপি ঋণ বেড়েছে, সেগুলো দূর না হলে নতুন করে মূলধন জোগান দিয়েও তেমন লাভ হবে না। কারণ, ব্যাংককে যেহেতু আমানতের বিপরীতে সুদ দিতে হয়, সেহেতু আমানতের অর্থ ঋণ দিয়ে সুদ আয় করতে না পারলে মুনাফার ওপর চাপ পড়ে।
শওকত আলী খান, এমডি, সোনালী ব্যাংকআমাদের ব্যাংকে আমানত আসছে বন্যার মতো। এটা ঠিক যে সে তুলনায় ঋণ বিতরণ হয়নি। তা দেওয়াও কঠিন। তবে জানিয়ে রাখি, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমরা নতুন ঋণ দিয়েছি ২৮ হাজার কোটি টাকা।ছয় ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
পর্যালোচনা বৈঠকে জানানো হয়, গত ৩০ জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ। সর্বোচ্চ ৬৯ দশমিক ৯৭ শতাংশ খেলাপি ঋণ নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে জনতা ব্যাংক।
ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশ আটকে আছে প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছে। ছয় ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি হিসেবে ১২০ জনের কাছে আটকে থাকা ঋণের পরিমাণ ৯১ হাজার ১৬৫ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশই আটকে আছে শীর্ষ ২০ খেলাপির কাছে।
ঋণ আদায়ের পরিস্থিতিও সন্তোষজনক নয়। বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খেলাপি ঋণ থেকে নগদ আদায় হয়েছে ২ হাজার ১৫৬ কোটি ৮০ লাখ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ। একই সময়ে অবলোপন করা ঋণ থেকে আদায় হয়েছে ১৭১ কোটি ১৫ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ২৯ দশমিক শতাংশ।
ব্যাংকাররা বলছেন, একদিকে খেলাপি ঋণ আদায়, মূলধনঘাটতি পূরণ ও আর্থিক ভিত্তি শক্তিশালী করতে হবে। অন্যদিকে ঋণ বিতরণে গতি ফিরিয়ে উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়াতে হবে। পাশাপাশি ঋণ ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। নইলে আমানত বাড়লেও অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশিত গতি আসবে না।
কার, কত আমানত বেড়েছে
২০২৫ সালের জুনে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মোট আমানত ছিল ৪ লাখ ৮৬ হাজার ৩৪৩ কোটি টাকা। ২০২৬ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১০৭ কোটি টাকা। এর মানে এক বছরে এই ব্যাংকগুলোর আমানত ৫১ হাজার ৭৮৪ কোটি টাকা বেড়েছে।
ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যায়, এক বছরে ছয় ব্যাংকের মধ্যে পাঁচটির আমানত বেড়েছে, একটির কমেছে। শুধু রূপালী ব্যাংকের আমানত সামান্য কমেছে।
সোনালীর আমানত ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৩৪৯ কোটি টাকায় উঠেছে। যোগাযোগ করলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান বলেন, ‘আমাদের ব্যাংকে আমানত আসছে বন্যার মতো। এটা ঠিক যে সে তুলনায় ঋণ বিতরণ হয়নি। তা দেওয়াও কঠিন। তবে জানিয়ে রাখি, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমরা নতুন ঋণ দিয়েছি ২৮ হাজার কোটি টাকা। আগামী মাসের (ডিসেম্বর) শেষে মোট ঋণ আগেরবারের চেয়ে বাড়বে।’
জনতা ব্যাংকের আমানত ১ লাখ ১৮ হাজার ৬২৫ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৩০ হাজার ৮৫৭ কোটি টাকা হয়েছে। অগ্রণী ব্যাংকের আমানত ১ লাখ ৮ হাজার ৬১৭ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ১৬ হাজার ৯৭২ কোটি টাকা হয়েছে।
অন্যদিকে রূপালী ব্যাংকের আমানত ৭২ হাজার ৬৮৩ কোটি টাকা থেকে কমে ৭২ হাজার ৬৩৬ কোটি টাকা হয়েছে। বিডিবিএলের আমানত ৩ হাজার ২২ কোটি টাকা থেকে বেড়ে ৩ হাজার ৩১৫ কোটি এবং বেসিক ব্যাংকের আমানত ১৪ হাজার ৮ কোটি টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৯৭৮ কোটি টাকা হয়েছে।
ঋণ, কার কত বেড়েছে-কমেছে
বৈঠকের তথ্য অনুযায়ী, এক বছর আগের তুলনায় ২০২৬ সালের জুনে সোনালী ব্যাংকের ঋণ ৮৯ হাজার ৭৮৩ কোটি টাকা থেকে কমে ৮৬ হাজার ৪৩২ কোটি টাকা হয়েছে। একই সময়ে ব্যাংকটির ঋণ দেওয়ার সক্ষমতা ১ লাখ ৪৭ হাজার ৩৬৮ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৭১ হাজার ৬৯৪ কোটি টাকা হয়েছে।
তবে জনতা ব্যাংকের ঋণ ৯৫ হাজার ৮৯৮ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৮৭৬ কোটি টাকা হয়েছে। অগ্রণী ব্যাংকের ঋণ প্রায় অপরিবর্তিত রয়েছে। এক বছরে ৭২ হাজার ৯৩৭ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩ হাজার ৬৭ কোটি টাকা।
রূপালী ব্যাংকের ঋণ ৪৬ হাজার ৫২২ কোটি টাকা থেকে বেড়ে ৪৭ হাজার ৯০৬ কোটি টাকা হয়েছে। বিডিবিএলের ঋণ ২ হাজার ১৩০ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ২০২ কোটি টাকা হয়েছে। আর বেসিক ব্যাংকের ঋণ ১২ হাজার ৫৩৯ কোটি টাকা থেকে কমে ১২ হাজার ২৮৪ কোটি টাকা হয়েছে।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথমত, ঋণের চাহিদা কম। দ্বিতীয়ত, স্থিতিপত্র স্বচ্ছ রাখতে ব্যাংকগুলো এখন ঋণ অবলোপন করছে। পরে জামানত বিক্রি থেকে আদায় বাড়বে। তিনি বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে নিকট ভবিষ্যতে ঋণের চাহিদা বাড়বে। তখন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও বাড়বে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের গতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।