সানজিদুলদের পৃষ্ঠপোষকতা দিন
· Prothom Alo

জ্বালানিসংকটের এই সময়ে শরীয়তপুরের ভেদরগঞ্জের তরুণ সানজিদুল ইসলামের উদ্যোগ নিঃসন্দেহে আশাজাগানিয়া। গরু ও মুরগির বর্জ্য দিয়ে বায়োগ্যাস উৎপাদন করে তিনি দুটি গ্রামের ৩০টি পরিবারের রান্নার জ্বালানির চাহিদা মেটাচ্ছেন। পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা এই গ্যাস ব্যবহার করে পরিবারগুলো আগের তুলনায় কম খরচে রান্না করতে পারছে। শুধু গ্যাস বিক্রি নয়, বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার বিক্রি করেও আয় করছেন সানজিদুল। সব খরচ বাদে তাঁর মাসিক আয় প্রায় ৫০ হাজার টাকা।
সৌদি আরবে সাত বছর শ্রমিকের কাজ করে দেশে ফিরে সানজিদুল নিজের গ্রামেই আয়ের পথ খুঁজেছেন। মামার গরুর খামারের বর্জ্যকে সম্পদে পরিণত করার চিন্তা থেকে প্রায় ১১ লাখ টাকা বিনিয়োগ করে গড়ে তুলেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। তাঁর এ উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য হলো, এটি একসঙ্গে কয়েকটি সমস্যার সমাধান করছে। খামারের বর্জ্য পরিবেশদূষণের কারণ না হয়ে জ্বালানি ও জৈব সারে পরিণত হচ্ছে। তৈরি হচ্ছে কর্মসংস্থান, কমছে পরিবারের জ্বালানি ব্যয়।
Visit grenadier.co.za for more information.
সানজিদুলের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করছে। তাঁকে দেখে ওই দুটি গ্রামের আরও ১২টি পরিবার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। তাঁদের একজন কৃষক শাহ আলম ঢালী ইতিমধ্যে প্ল্যান্ট তৈরি করেছেন। তাঁর উৎপাদিত গ্যাস দিয়ে পাঁচটি পরিবারের রান্নার কাজ চালানো সম্ভব হবে। একজন তরুণের উদ্যোগ যে অন্যদেরও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করতে পারে, এটি তার ভালো উদাহরণ।
বাংলাদেশে বিপুলসংখ্যক গবাদিপশু ও পোলট্রি খামার রয়েছে। এসব খামারের বর্জ্য পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে গ্রামাঞ্চলে বিকল্প জ্বালানি উৎপাদনের বড় সুযোগ তৈরি হতে পারে। এতে আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও গ্রামীণ অর্থনীতির বিকাশেও ভূমিকা রাখা সম্ভব।
তবে এ ধরনের প্রকল্পের প্রসারে অর্থের জোগান, কারিগরি জ্ঞান, প্রশিক্ষণ ও যন্ত্রপাতি সংগ্রহ বড় বাধা। সানজিদুল যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আড়াই লাখ টাকা ঋণ ও কারিগরি সহায়তা পেয়েছেন। এ ধরনের সহায়তা আরও বিস্তৃত করা প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে সম্ভাবনাময় তরুণদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া যেতে পারে। বিশেষ করে যেসব এলাকায় গবাদিপশু ও পোলট্রি খামার বেশি, সেখানে বায়োগ্যাস প্রকল্প স্থাপনে উদ্যোগ নেওয়া দরকার।
সরকারের উচিত এমন উদ্যোগকে বিচ্ছিন্ন সাফল্য হিসেবে না দেখে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া। বর্জ্যকে সম্পদে পরিণত করার এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।