ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেব, বিএনপি নেতার হুঁশিয়ারি

· Prothom Alo

ফরিদপুরে কোনো গাড়ি ভাঙচুর করা হলে তার জবাবে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া। তিনি বলেছেন, ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় দলের নেতা–কর্মীরা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার বিচারের দাবি জানান।

Visit moryak.biz for more information.

এ কে এম কিবরিয়া, সদস্যসচিব, ফরিদপুর জেলা বিএনপিফরিদপুরে যদি কোনো গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা ১০টা বাড়ি পুড়িয়ে দেব।

মিছিল শুরু হওয়ার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া। এ সময় তিনি বলেন, ‘লক্ষ মানুষের জুলুম–অত্যাচার সহ্য করার পরে একটি সফল গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রশাসনের ঘরের ভেতরে এবং বাইরে নানা প্রকার ষড়যন্ত্র হচ্ছে।’

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার বিষয়ে এ কে এম কিবরিয়া বলেন, ‘আমরা লক্ষ করেছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা হচ্ছে। ভাঙ্গায় কৃষক দলের নেতা ও নড়াইলে কৃষক দলের একজনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হচ্ছে।’

কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল। আজ বৃহস্পতিবার বিকেলে

বিএনপি নেতা এ কে এম কিবরিয়া বলেন, ‘এখানে যাঁরা আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থার লোক আছেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ফরিদপুরে যদি কোনো গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।

এর আগে গত মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় নিহত হন উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

Read full story at source