কৃষি উদ্যোক্তাদের জন্য নতুন দিশা 

· Prothom Alo

পণ্য বিক্রির পর ক্রেতার সঙ্গে বিক্রেতার সম্পর্ক সাধারণত সেখানেই চুকে যায়। কিন্তু গাইবান্ধা শহরের শাপলামিল এলাকার উদ্যোক্তা গোলাম কিবরিয়া সেই প্রচলিত ব্যবসায়িক ধারণাকে বদলে দিয়েছেন। তাঁর ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’ থেকে কেনা কোনো চারা দুর্বল বা রোগাক্রান্ত হয়ে পড়লে ক্রেতারা তা ফিরিয়ে আনেন, আর কিবরিয়া পরম যত্নে সেটিকে সুস্থ করে আবার মালিকের হাতে তুলে দেন—তা-ও সম্পূর্ণ বিনা মূল্যে। তাঁর নার্সারিটি পরিচিতি পেয়েছে ‘গাছের হাসপাতাল’ নামে।

পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ছয় বছর চাকরি করেছেন গোলাম কিবরিয়া। কিন্তু বাঁধাধরা করপোরেট জীবনের গণ্ডি ছেড়ে ২০২০ সালে তিনি বেছে নেন প্রকৃতি ও কৃষিকে। মাসে মাত্র পাঁচ হাজার টাকায় ২০ শতক জমি ভাড়া নিয়ে তিন হাজার চারা দিয়ে শুরু করা সেই নার্সারিতে আজ ৩০ হাজারের বেশি চারা রয়েছে। সেই নার্সারিতে তিনি গাছের রোগবালাইয়ের পরামর্শ দিয়ে থাকেন। শুধু তাঁর নিজের ক্রেতারাই নন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অসুস্থ গাছ নিয়ে এবং কৃষকেরা ফসলের রোগবালাইয়ের পরামর্শ নিতে ছুটে আসেন তাঁর কাছে। 

Visit asg-reflektory.pl for more information.

নার্সারির পাশাপাশি পৈতৃক জমিতে ফলের বাগান করেও তিনি সফল হয়েছেন। নার্সারি ও ফলের বাগান মিলিয়ে তাঁর মাসিক আয় এখন প্রায় ৬৫ হাজার টাকা; কর্মসংস্থান হয়েছে আরও তিনজন শ্রমিকের। উচ্চশিক্ষা ও ব্যবস্থাপনার জ্ঞানকে কৃষির সঙ্গে যুক্ত করলে যে চাকরির চেয়েও অনেক বেশি স্বাবলম্বী হওয়া যায় এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখা যায়, তিনি তার জীবন্ত প্রমাণ।

কিবরিয়ার উদ্যোগের আরেকটি প্রশংসনীয় দিক হলো জ্ঞানভিত্তিক চর্চা। অনুমানের ওপর নির্ভর না করে তিনি নার্সারিতেই গড়ে তুলেছেন একটি ছোট কৃষি পাঠাগার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক বই পড়ে এবং প্রযুক্তির সহায়তায় হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও দেখে তিনি দেশের নানা প্রান্তের কৃষকদের পরামর্শ দিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে ফসল ও শোভাবর্ধক গাছের রোগবালাই যেভাবে বাড়ছে, তাতে তৃণমূল পর্যায়ে এ ধরনের জ্ঞানভিত্তিক ও আন্তরিক সেবা অত্যন্ত জরুরি। সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ের শিক্ষিত উদ্যোক্তারা এভাবে এগিয়ে এলে প্রান্তিক কৃষকেরা সরাসরি উপকৃত হন।

ব্যবসা মানেই কেবল মুনাফা অর্জন নয়; বরং সেবার মানসিকতা ও দায়িত্ববোধ যে একটি উদ্যোগকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, গোলাম কিবরিয়া তা দেখিয়ে দিয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে তাঁকে পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। আমরা আশা করব, দেশের প্রতিটি জেলায় এমন সৃজনশীল কৃষি উদ্যোক্তা তৈরি করতে কৃষি বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা নিয়ে আরও জোরালোভাবে এগিয়ে আসবে।

Read full story at source