লোকদেখানো খরচে ‘না’, জেন-জির নতুন অভ্যাস ‘লাউড বাজেটিং’
· Prothom Alo

বন্ধুত্ব কিংবা প্রেমে খরচ নিয়ে আর সংকোচ নয়। নিজের সামর্থ্য অনুযায়ী খরচের পরিকল্পনা। এবং খরচের বিষয়ে খোলাখুলি আলোচনার এই প্রবণতাই এখন জেন-জিদের মাঝে জনপ্রিয়।
Visit bettingx.club for more information.
বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয় মানুষের সঙ্গে বাইরে খেতে যাওয়া। এমন আয়োজনে কে কত টাকা খরচ করবেন, তা নিয়ে অনেক সময় অস্বস্তি তৈরি হয়। বন্ধুরা দামি রেস্তোরাঁয় যেতে চাইলে নিজের বাজেটের কথা বলতে সংকোচ করেন কেউ কেউ। আবার প্রেমের সম্পর্কে উপহার কিংবা ঘোরাঘুরির খরচ নিয়েও থাকে নানা প্রত্যাশা। বন্ধুত্ব কিংবা প্রেমের এই জায়গায় বদল আনছে জেন-জি। খরচের সামর্থ্য নিয়ে রাখঢাক না করে বরং শুরুতেই খোলাখুলি আলোচনা করছে তাঁরা। আর এই প্রবণতার নাম ‘লাউড বাজেটিং’।
টাকার কথা বলতে আর সংকোচ নেই
‘লাউড বাজেটিং’ বলতে বোঝায় নিজের আর্থিক সীমাবদ্ধতা বা খরচের পরিকল্পনা অন্যদের কাছে খোলাখুলিভাবে জানানো। যেমন, বন্ধুরা কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করলে কেউ আগেই বলে দিতে পারেন, ‘এ মাসে আমার বাজেট কম, তাই বেশি খরচ করতে পারব না।’ কিংবা দামি কোনো অনুষ্ঠানে যাওয়ার বদলে কম খরচে কোথাও দেখা করার প্রস্তাব দিচ্ছে।
এখানে মূল বিষয়টি কেবল টাকা বাঁচানো নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। অন্যদের মন রাখতে গিয়ে অপ্রয়োজনীয় খরচ করা কিংবা সামর্থ্যের বাইরে গিয়ে কোনো আয়োজনে অংশ নেওয়ার চাপ থেকে বেরিয়ে আসাই এই প্রবণতার উদ্দেশ্য।
বন্ধুদের সঙ্গে খরচের হিসাব খোলামেলা
বন্ধুত্বে অনেক সময় খরচের বিষয়টি সরাসরি আলোচনা করা হয় না। কে কতটা দিতে পারবেন, কার বাজেট কেমন, কিংবা কোনো আয়োজনের খরচ সবার জন্য সমানভাবে বহন করা সম্ভব কি না, এসব প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়। ফলে আড্ডা শেষে বিল ভাগ করার সময় অস্বস্তি তৈরি হতে পারে।
লাউড বাজেটিং এই অস্বস্তি কমাতে সাহায্য করছে। আগে থেকেই নিজের বাজেট জানিয়ে দিলে বন্ধুরাও সে অনুযায়ী পরিকল্পনা করতে পারেন। কেউ হয়তো দামি রেস্তোরাঁর বদলে কম খরচের ক্যাফে বেছে নেবেন, আবার কেউ বাসায় একসঙ্গে রান্না করে সময় কাটানোর প্রস্তাব দেবেন। এতে কারও আর্থিক অবস্থাকে ছোট করে না দেখে সবার অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।
যুক্তরাষ্ট্রে ব্যাংক অব আমেরিকার ২০২৬ সালের ‘বেটার মানি হ্যাবিটস’ সমীক্ষায় দেখা গেছে, জেন-জির ৪২ শতাংশ বন্ধুদের কাছে সামাজিক আয়োজনে কোন খরচ বহন করতে পারবেন আর কোনটি পারবেন না, তা খোলাখুলিভাবে জানান। একই সমীক্ষায় ৬০ শতাংশ বলেছেন, তাঁরা বন্ধুদের সঙ্গে অর্থ নিয়ে আলোচনা করেন। আর ৭৫ শতাংশ সামাজিক আয়োজনে খরচ কমানোর উপায় খোঁজেন। সমীক্ষাটি যুক্তরাষ্ট্রের ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের নিয়ে করা।
প্রেমের সম্পর্কেও হিসাব-নিকাশ
প্রেমের সম্পর্কে উপহার দেওয়া, বাইরে খেতে যাওয়া কিংবা একসঙ্গে ঘুরতে যাওয়ার মতো বিষয়গুলোতে খরচ জড়িয়ে থাকে। অনেক সময় সঙ্গীকে খুশি করতে গিয়ে নিজের সামর্থ্যের বাইরে খরচ করেন কেউ কেউ। আবার কে কতটা খরচ করবেন, তা নিয়ে স্পষ্ট আলোচনা না থাকলে ভুল–বোঝাবুঝিও তৈরি হতে পারে।
লাউড বাজেটিংয়ের চর্চা এখানে নিজের আর্থিক অবস্থার কথা সঙ্গীকে জানাতে উৎসাহ দেয়। দামি উপহার বা রেস্তোরাঁর বদলে দুজনের সামর্থ্যের মধ্যে থাকা আয়োজন বেছে নেওয়া যায়। এতে সম্পর্কের আনন্দও থাকে, আবার খরচের চাপও কমে।
ব্যাংক অব আমেরিকার একই সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জেন-জির ৫১ শতাংশ মাসে প্রেমের ডেটে কোনো অর্থই খরচ করেন না। আর ২৪ শতাংশ জানিয়েছেন, আর্থিক পরিস্থিতির কারণে তাঁরা সম্পর্ককে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। সমীক্ষায় আরও দেখা গেছে, ৭৪ শতাংশ তরুণ সঙ্গীর মধ্যে আর্থিক দায়িত্বশীলতাকে গুরুত্বপূর্ণ মনে করেন।
লোকদেখানো খরচ নয়, নিজের সামর্থ্যই মুখ্য
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের ঘোরাঘুরি, দামি খাবার কিংবা কেনাকাটার ছবি দেখে অনেকের মধ্যেই একই রকম জীবনযাপনের আকাঙ্ক্ষা তৈরি হয়। কখনো সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের আয় ও প্রয়োজনের বাইরে খরচ হয়ে যায়। লাউড বাজেটিং এমন তুলনা থেকে বেরিয়ে আসারও একটি উপায়।
তবে নিজের বাজেট জানানো মানে প্রতিটি খরচের হিসাব অন্যদের কাছে প্রকাশ করা নয়। ব্যক্তিগত আর্থিক তথ্য কতটা ভাগ করবেন, সেটি প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। বরং প্রয়োজন অনুযায়ী নিজের সীমা জানানো এবং অন্যের সীমাবদ্ধতাকেও সম্মান করাই এই অভ্যাসের মূল কথা।
সবাইকে খুশি করতে গিয়ে নিজের আর্থিক স্বস্তি বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুত্ব কিংবা প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে দামি আয়োজনের চেয়ে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও একসঙ্গে সময় কাটানোই বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই লাউড বাজেটিংয়ের বার্তা, সামর্থ্যের কথা স্পষ্ট করে বলা অস্বস্তির নয়, বরং দায়িত্বশীলতার পরিচয়।