দুই মাসে কাটা হয়েছে চার শতাধিক গাছ

· Prothom Alo

ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট–রায়চাঁদ সড়কের দুই পাশের চার শতাধিক গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এসব গাছ কাটা হয়েছে। কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে আকাশমণি, রেইনট্রি, মেহগনি ও রোড চাম্বুল।

লালমোহন উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে রমাগঞ্জ ইউনিয়নে কর্তারহাট–রায়চাঁদ সড়কটি অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন সড়কটি থেকে প্রকাশ্যে লাখ লাখ টাকার গাছ কেটে নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিমউদ্দীন ও তাঁর সহযোগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা (বর্তমানে কমিটি নেই) হিসেবে পরিচিত মো. মাসুম এসব গাছ কাটার সঙ্গে জড়িত। তবে চলতি মাস থেকে গাছ কাটা বন্ধ আছে।

Visit goldparty.lat for more information.

গাছ কাটার অভিযোগ ওঠার পর মো. জসিমউদ্দীনকে দল থেকে বহিষ্কার করেছে ভোলা জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের স্বাক্ষরিত গত ৩১ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে জসিমউদ্দীনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে আবদুল কাদের প্রথম আলোকে বলেন, গাছ কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে সংবাদ প্রকাশিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিমউদ্দীনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

গাছ কেটে নেওয়া হয়েছে। এখনো দৃশ্যমান গাছের গোড়া। ১ নভেম্বর ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট–রায়চাঁদ সড়কে

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লালমোহন কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কর্তারহাট–রায়চাঁদ সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে সম্প্রসারণের কাজ চলছে। পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সড়ক সম্প্রসারণের কাজে বাধা সৃষ্টি করা ২৪টি গাছ কাটার অনুমোদন চেয়ে এলজিইডির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত গাছ কাটার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। এরই মধ্যে চার শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সড়ক সম্প্রসারণকাজের ঠিকাদার মো. ফারুক বলেন, সড়কের গাছ কারা কেটেছেন, তা স্থানীয় বাসিন্দারাই দেখেছেন। গাছগুলোর মালিকানা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কোনো দপ্তরই গাছের মালিকানা দাবি করছে না।

প্রাথমিক তদন্তে ৬৪টি গাছ কাটার তথ্য পাওয়া গেছে বলে জানান লালমোহনের ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক। তিনি প্রথম আলোকে বলেন, কেটে নেওয়া গাছের প্রকৃত সংখ্যা নির্ধারণে বন বিভাগের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আবার জরিপ করা হবে। গাছ কাটার ঘটনায় জেলা প্রশাসক বন বিভাগের এক কর্মকর্তাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তে অবৈধভাবে গাছ কাটার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রবীণ ব্যক্তিসহ ১০ জন বাসিন্দার সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা জানান, ১৯৯৬ থেকে ২০০২ সালের মধ্যে রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় সড়কটির দুই পাশে প্রায় দুই হাজার গাছ লাগানো হয়। তবে ইউনিয়ন পরিষদের বর্তমান প্রশাসক ও সচিব মো. ইলান হোসেন বলেন, সড়কটির গাছের মালিকানা–সংক্রান্ত কোনো নথি ইউনিয়ন পরিষদের কাছে নেই।

কাটা গাছ করাতকলের পাশে রাখা হয়েছে। ১ নভেম্বর ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট–রায়চাঁদ সড়কে

১ নভেম্বর সকালে কর্তারহাট থেকে মৌলভী চৌমুহনী হয়ে আল আমিন চৌমুহনী পর্যন্ত সড়ক ঘুরে সম্প্রসারণের কাজ চলতে দেখা যায়। রায়চাঁদ বাজারমুখী সড়কের বাঁ পাশে প্রায় তিন ফুট গভীর গর্ত করে বালুমিশ্রিত ইটের খোয়া ফেলা হয়েছে। প্রথম আলোর এ প্রতিবেদক পাঁচ কিলোমিটার সড়ক হেঁটে দেখেছেন, সড়কের এক পাশ প্রায় গাছশূন্য। অন্য পাশ থেকে বড় বড় গাছ বেছে বেছে কেটে নেওয়া হয়েছে। কোথাও গাছের গোড়া উপড়ে ফেলা হয়েছে, কোথাও মাটি চাপা দিয়ে গাছ কাটার চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে সড়কের দুই পাশ মিলিয়ে ২২০টির বেশি গাছের গুঁড়ি এখনো দৃশ্যমান। সেই সঙ্গে কাটা গাছের আরও প্রায় ২০০টি গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সড়কের পাঁচ কিলোমিটার অংশে গণনা করে সাড়ে নয় শতাধিক গাছ এখনো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, গত সেপ্টেম্বরের শুরুতে সড়কে দ্বিতীয় দফায় সম্প্রসারণের কাজ শুরু হলে অবৈধভাবে গাছ কাটা শুরু হয়। স্থানীয় রমাগঞ্জ ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা এসব গাছ কাটার সঙ্গে জড়িত। তাঁরা প্রচার করেন, দরপত্রের মাধ্যমে গাছ কাটার অনুমতি পেয়েছেন। এ কারণে স্থানীয় বাসিন্দারাও বাধা দেননি। পরে দিনরাত করাত দিয়ে গাছ কেটে ট্রাকে তুলে নেওয়া হয়। যেসব গাছের শিকড় খননযন্ত্র দিয়ে তোলা সম্ভব হয়নি, সেগুলোর গোড়ায় মাটি ফেলে ঢেকে দেওয়া হয়েছে।

গাছ কেটে নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত মো. জসিমউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তোলা হয়েছে।’ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খাইরুল ইসলাম তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে এ প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন জসিমউদ্দীন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না; বরং আমার কাছে প্রমাণ আছে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেকেই গাছ কেটেছেন।’

জসিমউদ্দীন দাবি করেন, বিএনপি নেতা খাইরুল ইসলাম তিনটি গাছ নিজের মুরগির খামারে নিয়ে গেছেন।

সড়কের পাশে ফেলে লাখা হয়েছে কাটা গাছ

এ দাবি প্রত্যাখ্যান করে বিএনপি নেতা খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর খামার এক বছরের বেশি আগে নির্মিত, সেখানে গাছ নেওয়ার প্রয়োজন হয়নি। গাছ চুরির ঘটনা প্রকাশ পাওয়ার পর এখন জসিমউদ্দীন উল্টাপাল্টা কথা বলছেন।

সড়কের পাশের কয়েকটি করাতকল ঘুরে সদ্য কাটা গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে। সবচেয়ে বেশি গাছ রাখা হয়েছে রায়চাঁদ বাজারের পূর্ব-দক্ষিণে বেতুয়া খালের তীরে মো. শাহাবুদ্দিনের করাতকলে। করাতকলটির মালিক শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি একসময় শ্রমিক লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রমাগঞ্জ ইউনিয়নের সভাপতি ছিলেন। শ্রমিকেরা কাটা গাছ এনে তাঁর করাতকলে রেখেছেন। কে বা কারা এসব গাছের মালিক, তা তিনি জানেন না।

কর্তারহাট–রায়চাঁদ সড়কের গাছগুলো বন বিভাগের সামাজিক বনায়নের আওতায় কি না, সে বিষয়ে কোনো নথি নেই বলে জানান উপকূলীয় বন বিভাগের লালমোহন রেঞ্জের রেঞ্জার আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, সড়কটি এলজিইডির হওয়ায় বন বিভাগ শুধু সড়কের মধ্যে পড়া ২৪টি গাছের মূল্য নির্ধারণ করে দিয়েছে। এ ছাড়া বন বিভাগের সঙ্গে এলজিইডির কোনো চুক্তি নেই।

কাছ কেটে সড়কের এক পাশ ফাঁকা করে রাখা হয়েছে। ১ নভেম্বর ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট–রায়চাঁদ সড়কে

লালমোহন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাসেল মল্লিক বলেন, কর্তারহাট–রায়চাঁদ সড়কের দুই পাশে তাঁদের বা বন বিভাগের গাছ লাগানোর কোনো নথি তিনি খুঁজে পাননি। সড়কের জমিও তাঁরা অধিগ্রহণ করেননি। তাঁরা সরকারি জমির ওপর শুধু পাকা সড়ক নির্মাণ করেছেন।

সড়কের পাশের গাছ জনগণের সম্পদ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গাছের মালিক যে–ই হোক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি গাছ কাটতে পারেন না বলে মনে করেন পরিবেশকর্মীরা।

পরিবেশবিষয়ক আন্দোলনের কর্মী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, শুধু দলীয় বহিষ্কার নয়, অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি তদন্তের মাধ্যমে গাছের প্রকৃত মালিকানা নির্ধারণ করে সরকারি সম্পদ যথাযথভাবে রক্ষা করতে হবে।

Read full story at source