৩৩ বছরে কথা রাখে নাই এমন কেউ নাই: মিম

· Prothom Alo

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। শেষ করেছেন দুটি সিনেমার শুটিং। জন্মদিন ও ব্যস্ততা নিয়ে গতকাল দুপুরে প্রথম আলোর মুখোমুখি হলেন এই চিত্রনায়িকা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলম।

জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা থাকে?

Visit esporist.com for more information.

বিদ্যা সিনহা মিম : জন্মদিন নিয়ে আমার তো খুব বেশি আগ্রহ থাকে না। তবে পরিবারের সদস্যদের সঙ্গে থাকি। এ জন্য আজ (গতকাল) ব্যাংকক ট্যুর শেষ করে দেশে ফিরেছি। এখনো বাসায় পৌঁছাইনি। রাস্তাতে রয়েছি। এদিনে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে ভালোবাসি।

ফেসবুক গ্রুপগুলোয় লেখা হচ্ছে, ‘৩৩ বছর পেরিয়ে গেলেন মিম’, ৩৩ বছর কেউ কথা রাখেনি, এমন কেউ আছে?

বিদ্যা সিনহা মিম : কথা রাখে নাই এমন কেউ নাই। এমন ঘটনা আমার সঙ্গে ঘটে নাই। সবাই আমার কথা রেখেছে (হা হা)।

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে

ক্যারিয়ারে কোনো কিছু নিয়ে আফসোস?

বিদ্যা সিনহা মিম : কোনো কিছু নিয়ে আফসোস করি না। দর্শক আমাকে ভালোবাসেন, আমাকে সার্পোট করেন, এটাই বেশি ভালো লাগে। শৈশবে চাইতাম, সবাই আমাকে চিনুক। পরে অভিনয় শুরু করলাম। এখন মনে হয় দর্শক আমাকে চেনেন। এটাই আমার ভালো লাগার।

শোনা যাচ্ছে ঈদে দুটি সিনেমা আসতে পারে...

বিদ্যা সিনহা মিম : সে রকম তো হওয়ার কথা নয়। আমি একটা সিনেমার শুটিং শেষ করেছি। কিন্তু কবে আসবে, সেটা এখনো কিছু জানি না। কিন্তু আরেকটি কোনটা?

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে

ঈদের সিনেমার শুটিং করতে যাচ্ছেন শোনা যাচ্ছে...

বিদ্যা সিনহা মিম : এখনো সে রকম কিছু মনে হচ্ছে না। কথা হচ্ছে, কিন্তু কবে কখন ঠিক নেই। সময় হলেই জানাব।

বড় পর্দায় বড় একটা সময় উপস্থিতি নেই কেন?

বিদ্যা সিনহা মিম : আমি সঠিক সিদ্ধান্ত নিয়েই কাজ করতে চাই। গল্প, চরিত্র, টিম, পরিচালক, কখন রিলিজ—সেগুলো সব ঠিকঠাক মতো ভেবেই নাম লেখানো উচিত। আর গল্প মনমতো না হলে শুধু শুধু নাম লেখানোর মানে হয় না। যে কারণেও কিছু গল্প করিনি।

এখন তো ঢালিউডের অনেক অভিনয়শিল্পী টিম দেখে নাম লেখাচ্ছেন, এটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ?

বিদ্যা সিনহা মিম : অবশ্যই পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান দেখতে হবে। কারণ, প্রফেশনাল বিষয়টা গুরুত্বপূর্ণ। এখন ভালো ভালো কাজ হচ্ছে। গল্প চরিত্র উপস্থাপনায় নির্মাতারা ভিন্নতা আনছেন। নতুন চিন্তাভাবনার সঙ্গে কাজ করতে চাই। আমি ভালো গল্প, চরিত্রে কাজ করতে চাই।

পূজার ছুটি কেমন কাটল?

বিদ্যা সিনহা মিম : এই সময়ে প্রতিবছর ঘুরতে যাই। এবার কক্সবাজার গিয়েছিলাম। এটাও আমার পছন্দের একটি জায়গা। পরিবারসহ সবার সঙ্গে পূজায় দারুণ সময় কাটিয়েছি।

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে

এই সময়ে ছুটি কাটাতে বেশির ভাগ দেশের বাইরে যান...

বিদ্যা সিনহা মিম : এবার দেশের বাইরে যাওয়া হয়নি। পূজার পরে শুটিং ও ঘুরতে ব্যাংকক গিয়েছিলাম। এমনভাবে শিডিউল দিয়েছিলাম যে শুটিংয়ে গিয়েও নিজের মতো করে ভালো একটা সময় কাটানো যায়। শুটিংয়ের পর আজ (গতকাল) দেশে ফিরলাম। আসলে ঘোরাঘুরিটা আমার কাছে নেশার মতো। যে কারণে পছন্দের জায়গায় গিয়ে শুটিং করেই চলে আসতে পারি না।

বেঁচে থাকাটাই আনন্দের: বিদ্যা সিনহা মিম

শরীফুল রাজের সঙ্গে আপনার ‘পরাণ’ আলোচিত হয়। আবার একসঙ্গে কাজ করছেন। আগের সফলতা কোনো চাপ তৈরি করছে?

বিদ্যা সিনহা মিম : ‘দামাল’ সিনেমার পর আমাদের নতুন সিনেমা আসছে। আসলে আমি কোনো চাপ মনে করি না। আমি জানি, দর্শকদের আমাদের জুটি নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। সেখানে আমাদের ভালো গল্প চরিত্রের সঙ্গে প্রেজেন্টেশন ভালো হলে দর্শক গ্রহণ করবেনই। মনে হচ্ছে ব্যাটেবলে মিলে যাবে। সফলতা আমাকে কাজের প্রতি আরও মনোযোগী করে।

বিদ্যা সিনহা মিম। অভিনেত্রীর ফেসবুক থেকে

শিল্পী হিসেবে কখনো মনে হয়েছে, আপনাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি?

বিদ্যা সিনহা মিম : দেখুন, আমি কিন্তু আমার ক্যারিয়ার নিয়ে হ্যাপি, সব সময় হ্যাপি থাকি। অনেক প্রজেক্টে ঠিক যা চেয়েছি, সেটা পাই না। তখন একটা অসন্তুষ্টি থাকে। কিন্তু আমি খুশি থাকার চেষ্টা করি। আমার কোনো অপ্রাপ্তি নেই। অনেক ভালো ভালো ছবিতে কাজ করেছি। হয়তো আগামী দিনে করব। এখন হয়তো আরও ভালো কাজ হতে পারত। আবার যা করেছি, তেমনটা না–ও হতে পারত। আমার সব সময় চাওয়া থাকে প্রপার একটা গল্প। যেভাবে চেয়েছি সেভাবেই যদি গল্পটা তৈরি হয়, তখন আমার কাছে ভালো লাগে। হয়তো অনেক সময় ব্যাটেবলে মিলে না। আমি কিন্তু হতাশ হই না। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। কোনো কিছু না পেলে মনে হয়, সেটা ভালোর জন্যই হয়নি। যে কারণে ক্যারিয়ার নিয়ে আমার কোনো আফসোস নেই। একটাই চাওয়া আমাকে ভালো কাজ করে যেতে হবে।

Read full story at source