যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ীর ১৪ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টার এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযানে হামলা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগের মামলায় গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে দুই নারীও রয়েছেন। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সৌমিত্র সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।

Visit sportbet.rodeo for more information.

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মহিন উদ্দিন।

এই মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন আজমল (৪০), সোলাইমান (৪০), শান্ত (২৪), জসীম উদ্দিন (২২), সজিবুর রহমান আকবর (১৯), ইকবাল মিয়া (৩৬), তানভীর আহমেদ (১৮), রাশেদ (১৮), রকি আহমেদ সাগর (২৪), আলমগীর (৪৭), শরীফ (২৫), সালাম (৩২), কাল্লু মিয়া (৩৬), সুমন (৪২), ফারুক (৩৯), অপু (২৫), জুয়েল (২৬), সাদ্দাম হোসেন (৩২), ইয়াছিন (২২), চাঁন মিয়া (৪৮), ফালান (৪৬), আব্দুল করিম (৪৫), গোলাম রাব্বী (১৮), ছিদিক (৪৬), মিনু (৪০) ও শিল্পী বেগম (৫০)।

মামলার অভিযোগে বলা হয়, ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ীর আউটফল স্টাফ কোয়ার্টার্সের একটি পরিত্যক্ত ভবনের সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় আসামি ভুট্টো, নাজির, আরমান ও আরিফ নামে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ২৪৫টি ইয়াবা, ১২৯ পুরিয়া হেরোইন, দুটি বাটন মুঠোফোন ও মাদক বিক্রির ১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

এজাহারে আরও বলা হয়, আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে তাদের স্বজনসহ অজ্ঞাতনামা ১২০–১৩০ জন দুষ্কৃতকারী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও ইটপাটকেল নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি চালায়। এ সময় এসআই মোরশেদ আলী মোল্লাকে ইট ও লাঠি দিয়ে আঘাত করে মাথায় জখম করা হয়। নায়েক ইমদাদুল হক লোহার রডের আঘাতে আহত হন। এসআই আবু সালেহ মুসা সহকর্মীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীদের একজন সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সরকারি সম্পত্তি রক্ষায় দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।

এজাহারে বলা হয়েছে, গুলির শব্দে হামলাকারীরা কিছুটা সরে গেলে অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থল ত্যাগ করে গোলাপবাগ মাঠের দক্ষিণ কোণে অবস্থান নেয়। আহত তিন পুলিশ সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এসআরবি-১০–এর এএসআই (নিরস্ত্র) আ. আহাদ বাদী হয়ে মামলাটি  করেন। এতে এজাহারভুক্ত চারজনসহ অজ্ঞাতপরিচয় ১২০–১৩০ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন ভুট্ট (২৮), নাসির (২৫) আরমান (২৭) ও আরিফ (২৪)।  

মামলার তদন্ত কর্মকর্তা সৌমিত্র সরকার প্রথম আলোকে বলেন, অভিযানে গিয়ে আহত তিন সদস্য পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার ২৬ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এজাহারভুক্ত চার আসামি এখনও গ্রেপ্তার হয়নি। অভিযান চলছে।

Read full story at source