আমিরাতে বাসায় ঘুমিয়ে ছিলেন জাহেদ, হঠাৎ আগুনে ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ গেল

· Prothom Alo

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামের চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু জাহেদ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হিঙ্গলা গ্রামের মফজল ডাক্তার বাড়ির মৃত মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। তিনি শারজাহর একটি মুদিদোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তাঁর দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে জেরিন আক্তারের বয়স ১০ বছর ও আফরিন আক্তারের ৩ বছর।

Visit rouesnews.click for more information.

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাউজান কলেজে পড়াশোনা শেষে আবু জাহেদ উপজেলা সদরের ফকিরহাট বাজারে টেলিযোগাযোগের ব্যবসা শুরু করেন। পরে ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান। সর্বশেষ ২০২৫ সালের শেষ দিকে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক মাস ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে আবার প্রবাসে ফিরে যান।

স্বজনদের ভাষ্য, শনিবার রাতে বাসায় ঘুমিয়ে ছিলেন আবু জাহেদ। এ সময় পাশের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে।

রোববার সকালে আবু জাহেদের আকস্মিক মৃত্যুর খবর জানতে পারেন দেশে থাকা পরিবারের সদস্যরা।

আবু জাহেদ রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনের ভগ্নিপতি। নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আবু জাহেদের লাশ দেশে আনার কথা রয়েছে। এ জন্য স্বজনেরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন।

Read full story at source