ঢাকা থেকে ৮টি ফ্লাইট বাতিল, বিমানের দুটির বিষয়ে জানাবে সোমবার
· Prothom Alo

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটের বিষয়ে আগামীকাল সোমবার দুপুর ১২টায় বিস্তারিত জানাবে এয়ারলাইনসটি।
আজ রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।
Visit biznow.biz for more information.
বাংলাদেশ সময় গতকাল শনিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। চলতি সপ্তাহে এই বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনার পরপরই বিমান বাংলাদেশ বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিতের কথা জানায়।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ১১ অক্টোবর রাত ৯টা পর্যন্ত (ইউটিসি) কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা আগামীকাল দিবাগত রাত তিনটা পর্যন্ত।
আজ বিকেল পর্যন্ত বাতিল হওয়া আটটি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস বাংলার একটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটে মোট যাত্রীর সংখ্যা ২ হাজার ৯৫১।
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের তথ্য দিয়ে রয়টার্স বলেছে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থাও যাচাই করতে বলা হয়েছে।