হামে ঢাকায় ৫ জনসহ ৮ জনের মৃত্যু
· Prothom Alo

সর্বশেষ ২৪ ঘণ্টায়; অর্থাৎ গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গে আটজন মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগেরই পাঁচজন। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৫১ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৫।
Visit biznow.biz for more information.
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। আর নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৩১ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৩ হাজার ৮৪৮। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৩২৮। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে পাঁচজন। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।