ক্ষরণ

· Prothom Alo

কথা ছিল কবিতা লেখার, বাল্মীকি স্বভাবে
লিখতে পারিনি
লেখার দুহাত জ্বলন্ত কয়লা হয়ে পোড়ে
তমসার তীরে।

আশ্বিনে কুয়াশা নামে মাঠে
হিম হিম ভোরে
কাকতাড়ুয়া একাকী হাঁটে আর বলে
ক্রোনি ক্যাপিটালিজম এমনই
পৃথিবী বিপন্ন করে, আনুগত্যে বিচ্ছিন্ন মানুষ
যুদ্ধ, মারণাস্ত্র, ভয় জ্যামিতিক হারে বাড়ে
চোখের কৌণিকে জমে মুনাফা ও পিত।

ভেবেছি এসব লিখে রেখে যাব
ভূমধ্য পীড়ার কাল, স্বজন তোষণ
শ্রেণিতে শ্রেণিতে ক্ষোভ
নকশার ইজারা উধাও হলে
কীভাবে লুণ্ঠিত হয় মানবজনম।

কিছুই হয়নি লেখা, লিখতে পারিনি
ডিজিটাল পুঁজিবাদ আমাকে শেখায়, বলে—
‘শিল্পীসত্তা ভেঙে দাও,
হাতের মুঠোতে তোলো
দিশাহীন কঙ্কালের সুর।’

Visit turconews.click for more information.

Read full story at source