অন্তঃসত্ত্বা অবস্থায় পুরো সিনেমার শুটিং, সোহিনী বললেন...

· Prothom Alo

২০২৪ সালে মুক্তি পাওয়া নন্দিতা রায়–শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী ’ দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই ছবির পরের গল্প নিয়ে এবার ফিরছেন নির্মাতা জুটি। ব‘হুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে প্রথমবারের মতো জুটি হয়েছেন সোহিনী সরকার ও যীশু সেনগুপ্ত।

Visit librea.one for more information.

‘বহুরূপী’র এবারের ক্যানভাসে নতুন কিছু মুখ ও নতুন সম্পর্ক এসেছে। শিবপ্রসাদ অভিনীত বিক্রম প্রামাণিকের বিপরীতে এবার যীশু সেনগুপ্তকে দেখা যাবে। যীশুর চরিত্র ইন্সপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়। আর ঝিমলি চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। ছবির গল্পের বড় আকর্ষণ যীশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই। ছবির টিজার প্রকাশের সময় শিবপ্রসাদ জানিয়েছিলেন, যীশু ও তাঁর চরিত্রের মধ্যে রয়েছে আইনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই মানুষের তীব্র দ্বন্দ্ব। যীশু এখানে দৃঢ়চেতা এক পুলিশ কর্মকর্তা, আর শিবপ্রসাদ সেই বহুরূপী ডাকাত, যে নিজের নিয়মে চলে।

সিনেমার প্রচারে যীশু ও সোহিনী। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

তবে ছবিতে শুধু অ্যাকশন নয়, প্রেমও রয়েছে। যীশু ও সোহিনীকে ঘিরে সেই রোমান্টিক আবহ তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘ভুলতে পারবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। গানটি নিয়ে যীশু বলেছেন, ছবিতে তৈরি করা জগতের একেবারে অন্য একটি দিক তুলে ধরে এই গান। আর সোহিনীর ভাষায়, গানটি তাঁর চরিত্র ঝিমলির আবেগ ও যাত্রাকে নতুন মাত্রা দিয়েছে।

সিনেমার পোস্টারে যীশু ও সোহিনী। ফেসবুক থেকে

এই ছবির সঙ্গে সোহিনীর ব্যক্তিগত জীবনের একটি বিশেষ অধ্যায়ও জড়িয়ে আছে। শুটিংয়ের পুরো সময়ই তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। বিষয়টি প্রথমে জানতেন না ছবির সবাই। অভিনেত্রী জানিয়েছেন, গর্ভাবস্থার প্রথম তিন মাস চিকিৎসকের পরামর্শে তিনি কাউকে খবরটি জানাননি। এমনকি তাঁর শ্বশুর–শাশুড়িও জানতেন না। সকালে উঠতে কষ্ট হতো, শরীরে শক্তি থাকত না—তার মধ্যেই কাজ চালিয়ে গেছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করা নিয়ে সমাজের প্রচলিত ধারণার সঙ্গেও একমত নন সোহিনী। তাঁর মতে, গর্ভাবস্থাকে ঘিরে অনেক ভয় ও সামাজিক ট্যাবু রয়েছে। তাই শুটিং বন্ধ না করে নিজের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর এর মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন—২০ সেপ্টেম্বর মা হয়েছেন।

এক যুগ পর দেব–শুভশ্রী

নতুন জুটি নিয়ে অবশ্য আগেভাগে কোনো সিদ্ধান্ত দিতে চান না সোহিনী। দর্শকই তাঁদের পর্দার রসায়নের বিচার করবেন—এমনটাই তাঁর বক্তব্য। তবে যীশুর সঙ্গে কাজের সময় যে স্বাচ্ছন্দ্য ছিল, সেটি স্বীকার করেছেন। তাঁদের ব্যক্তিগত পরিচয়ও সেই স্বাচ্ছন্দ্যের পেছনে কাজ করেছে। যীশুর জন্যও এ ছবিটি গুরুত্বপূর্ণ। ‘পোস্ত’ও ‘বাবা বেবি ’ও–এর পর শিবপ্রসাদ–নন্দিতার সঙ্গে আবার কাজ করেছেন তিনি। যীশুর কাছে শিবপ্রসাদ শুধু পরিচালক নন, ভালো অভিনেতাও। সাক্ষাৎকারে যীশু বলেছেন, শিবপ্রসাদ এত ভালো অভিনেতা যে তিনি অভিনয়কে আরও গুরুত্ব দিয়ে চালিয়ে গেলে অন্য অনেক অভিনেতার কাজই কঠিন হয়ে যেত। দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।

এই সময় ও সংবাদ প্রতিদিন অবলম্বনে

Read full story at source