দুই বড় জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ে যায় লাইটার, শ্রমিকের চিৎকার—‘আল্লাহরে, ইন্না লিল্লাহ’

· Prothom Alo

বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় কয়লাবাহী এপিজে শিরিনের পাশে বেঁধে রাখা হয়েছিল একটি লাইটার জাহাজ। এর মধ্যে নোঙর তুলে গতিপথ পরিবর্তন করতে গিয়ে সয়াবিনবীজবাহী এমভি এইচজি সিডনি এগিয়ে আসে এপিজে শিরিন ও লাইটার জাহাজটির দিকে।

একপর্যায়ে এইচজি সিডনি ধাক্কা দেয় দুটিকেই। সেই মুহূর্তে এপিজে শিরিনে থাকা পণ্য খালাসের এক শ্রমিককে আতঙ্কে চিৎকার করতে শোনা যায়, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’

Visit sport-tr.bet for more information.

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। দুই বড় জাহাজের সংঘর্ষের মাঝখানে পড়ে যায় ছোট লাইটার জাহাজটি। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হতাহত বা সামুদ্রিক দূষণের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়া থেকে প্রায় ৫৫ হাজার টন কয়লা নিয়ে আসা এপিজে শিরিন পানামার পতাকাবাহী জাহাজ। আর লাইবেরিয়ার পতাকাবাহী এমভি এইচজি সিডনি ব্রাজিল থেকে প্রায় ৫১ হাজার টন সয়াবিনবীজ নিয়ে এসেছে।

দুই জাহাজের মাঝখানে লাইটার

ঘটনার সময় ধারণ করা দুটি ভিডিও প্রথম আলোর হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, এপিজে শিরিনের গায়ে লাগিয়ে লাইটার জাহাজটি অবস্থান করছিল।

এ সময় এমভি এইচজি সিডনি নোঙর তুলে গতিপথ পরিবর্তন করতে গিয়ে এপিজে শিরিনের খুব কাছে চলে আসে। একপর্যায়ে জাহাজটির পাশের অংশ এপিজে শিরিনে আঘাত করে। একই সঙ্গে দুই বড় জাহাজের মাঝখানে থাকা লাইটার জাহাজটিও ধাক্কা খায়। লাইটার জাহাজটি কয়লা খালাসের জন্য এপিজে শিরিনের পাশে ছিল।

ভিডিওতে দেখা যায়, এইচজি সিডনির ধাক্কায় লাইটার জাহাজটির সামনের দিকের ওপরের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে ধাক্কার সঙ্গে সঙ্গে লাইটারটি সরে যাওয়ায় দুই বড় জাহাজের মধ্যে চাপা পড়া থেকে রক্ষা পায়।

ঘটনার সময় ভিডিও ধারণকারী শ্রমিকদের কণ্ঠে আতঙ্ক শোনা যায়। লাইটার জাহাজটির দিকে এইচজি সিডনিকে এগিয়ে আসতে দেখে তাঁদের একজন চিৎকার করে ওঠেন, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’

‘বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি’

এমভি এইচজি সিডনির স্থানীয় প্রতিনিধি লিটমন্ড শিপিংয়ের পরিচালক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ধাক্কায় লাইটার জাহাজটির সামনের ওপরের অংশ সামান্য বেঁকে গেছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রথম আলোকে বলেন, ঘটনায় কোনো হতাহত বা সামুদ্রিক দূষণের খবর পাওয়া যায়নি। দুই বিদেশি জাহাজই বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে।

Read full story at source