বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
· Prothom Alo

দেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুম উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।
Visit afrikasportnews.co.za for more information.
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির পেশাদার ও সাধারণ গ্রাহকেরা এখন থেকে স্থানীয় বাজারেই সরাসরি সনির অফিশিয়াল মেরামত সুবিধা পাবেন।
বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ মুহাম্মদ মিজানুর রহমান এবং সনি করপোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি সেন্টারটির উদ্বোধন করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএসআইয়ের জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিংয়ের (সিঙ্গাপুর) মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সনি কর্তৃপক্ষ জানায়, দেশে ক্রমবর্ধমান পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করতে এই সার্ভিস সেন্টারটি ডিজাইন করা হয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে যেন ডিভাইসের সমস্যার কারণে কাজের শিডিউল বিপর্যয় বা আর্থিক ক্ষতি না হয়, তা নিশ্চিত করবে এই সেন্টার। এর মাধ্যমে স্থানীয় বাজারে ক্যামেরা ও গিয়ার মেরামতের দীর্ঘদিনের বড় একটি বাধা দূর হলো, যা দেশের সামগ্রিক ফটোগ্রাফি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন শোরুম এবং অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টারটি সপ্তাহের মঙ্গলবার ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।