নতুন ভিআর চশমা দেখাল মেটা, ওজন মাত্র ১০০ গ্রাম

· Prothom Alo

ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট মানেই এত দিন ছিল চোখ-মুখ ঢেকে রাখা ভারী একটি যন্ত্র। সেই ধারণা বদলাতে এবার চশমার আদলে নতুন ভিআর চশমা তৈরি করেছে মেটা। ‘মেটা ভিআর গ্লাসেস’ নামের এই যন্ত্রের ওজন মাত্র ১০০ গ্রাম। চশমাটির দাম ধরা হয়েছে ১ হাজার ৩০০ মার্কিন ডলার। আগামী বছর যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে চশমাটি। গত বুধবার নিজেদের প্রধান কার্যালয়ে আয়োজিত মেটা কানেক্ট সম্মেলনে নতুন ভিআর চশমাটি প্রদর্শন করেছে মেটা।

Visit livefromquarantine.club for more information.

মেটার দাবি, প্রচলিত ভিআর হেডসেটের তুলনায় এটি অনেক হালকা এবং দেখতে সাধারণ চশমার মতো। দীর্ঘ সময় ভিআর হেডসেট পরে থাকার অস্বস্তি দূর করতেই নতুন চশমাটি তৈরি করা হয়েছে। সম্মেলনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানান, মেটা ভিআর গ্লাসেসের ওজন প্রায় ১০০ গ্রাম, যা মেটা কোয়েস্ট ৩-এর ওজনের এক-পঞ্চমাংশের কম। ওজন কমানোর জন্য চশমাটিতে ডিসপ্লে ও বিভিন্ন সেন্সর রাখা হলেও প্রসেসর, ব্যাটারি ও স্টোরেজ রাখা হয়েছে আলাদা একটি ছোট বাক্সে। ‘পাক’ নামের এই বাক্স পকেট বা ব্যাগের সঙ্গে ক্লিপ দিয়ে আটকে রাখা যাবে।

মেটার তথ্যমতে, মেটা ভিআর গ্লাসেসে মাইক্রো-ওএলইডি প্যানেলের ৫কে ‘ইনফিনিট ডিসপ্লে’ রয়েছে। চশমাটির প্রতি ডিগ্রি জায়গায় ৩৭টি পিক্সেল থাকায় লেখা ও সূক্ষ্ম বিষয়বস্তু স্পষ্ট দেখা যাবে। আকারে ছোট হলেও উন্নত অপটিক্যাল ব্যবস্থা নিশ্চিত করতে চশমাটিতে ব্যবহার করা হয়েছে প্যানকেক লেন্স। অপারেটিং সিস্টেমে সরাসরি মেটা এআই যুক্ত থাকার ফলে কণ্ঠস্বর, চোখের নড়াচড়া ও হাতের স্বাভাবিক অঙ্গভঙ্গির মাধ্যমে চশমাটি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।

মেটা ভিআর গ্লাসেস পরে ঘরে বসেই বড় পর্দায় সিনেমা ও ভিডিও দেখা যাবে

ভিআর চশমাটিতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস স্পেশাল অডিও থাকায় সিনেমা দেখার সময় বড় পর্দা ও চারপাশ থেকে শব্দ আসার মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। প্রচলিত ভিআর হেডসেটের তুলনায় নতুন চশমাটির বড় পার্থক্য হলো, এর দুই পাশ খোলা। পাশাপাশি রয়েছে পাসথ্রু ক্যামেরা। ফলে মেটা ভিআর গ্লাসেস পরেও আশপাশের দৃশ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা।

অফিসের বিভিন্ন কাজও করা যাবে মেটা ভিআর গ্লাসেসের মাধ্যমে

এআইয়ের সাহায্যে অ্যাপ চালু, ভার্চ্যুয়াল ওয়ার্কস্পেস পরিবর্তন, অনলাইন থেকে বিভিন্ন তথ্য খোঁজাসহ অফিসের বিভিন্ন কাজও করা যাবে মেটা ভিআর গ্লাসেসে। এসব কাজের জন্য আলাদা কন্ট্রোলারের প্রয়োজন হবে না। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন রিয়েলিটি এলিট প্রসেসরে চলা মেটা ভিআর গ্লাসেসের ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ তিন ঘণ্টা ব্যবহার করা যাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Read full story at source