জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গতবার প্রিলিতেও টিকতে পারেননি, এবার হলেন প্রথম

· Prothom Alo

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সিভিল জজ পদের নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফ উল করিম (সিয়াম) প্রথম হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে তিনি প্রথম স্থান অর্জন করেন।

Visit palladian.co.za for more information.

এর আগে ১৭তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন আরিফ উল করিম। কিন্তু তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তবে দমে যাননি তিনি। নিজের ইচ্ছাশক্তি ও প্রচেষ্টায় এবার তিনি সেরা হয়েছেন।

আরিফ উল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নওগাঁয়। স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৬৬ ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৬৪ পেয়ে উত্তীর্ণ হন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে আরিফ উল করিম প্রথম আলোকে বলেন, ‘সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর প্রতি। আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। ইচ্ছা ছিল বাবা–মা ও আমার হবু জীবনসঙ্গীর গর্বের কারণ হব। সেই ভাবনা থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছি। তবে এত ভালো ফল হবে, তা ভাবতে পারিনি।’ তিনি ধৈর্য না হারিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

দীর্ঘ এ যাত্রায় শিক্ষক, বন্ধু, মা–বাবা ও হবু জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরিফ। নওগাঁয় শিক্ষাজীবনের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম হয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন তিনি। তখন থেকেই একদিন মা–বাবার গর্ব হওয়ার সংকল্প করেছিলেন। সেই স্মৃতির কথা উল্লেখ করে আরিফ বলেন, ‘আজ আবার মা–বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে পেরেছি। তাঁদের গর্ব হতে পেরেছি। এটাই জীবনের অন্যতম পাওয়া।’

বিজেএস পরীক্ষায় গত বছর বাদে টানা চারবার প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। এবারও শীর্ষ স্থানটি দখল করলেন একই বিভাগের এক শিক্ষার্থী। এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু প্রথম আলোকে বলেন, ‘আরিফ ভালো ছাত্র ছিল। সে পরিশ্রম করেছে, তারই ফল এটি। বিভিন্ন ব্যাচ থেকে আরও অনেকের তালিকা আসছে। এটা অবশ্যই খুশির সংবাদ। আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটি গর্বের।’

Read full story at source